২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় লঞ্চডুবি, ১৪ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি তোলার পর উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 02:35 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

শনিবার লঞ্চটি তোলার পর এর ভেতরে পাওয়া গেছে ১২ যাত্রীর লাশ। এর আগে শুক্রবার পাওয়া যায় দুটি লাশ।

এই নিয়ে শুক্রবারের এই দুর্ঘটনায় মোট ১৪ জনের লাশ পাওয়া গেল।

জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, আরো পাঁচ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

শুক্রবার অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইসমানির চরের কাছে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় ডুবে যায় এম এল সারস নামের লঞ্চটি।

এটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব উপজেলার মাছুয়াখাল যাচ্ছিল।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম দুর্ঘটনা কবলিত লঞ্চটিকে তীরে উঠিয়ে আনে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরো লঞ্চ তল্লাসির পর সোয়া ১০টায় প্রশাসন উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে।

তবে স্বজনদের দেয়া তালিকা অনুযায়ী, এখনো নিখোঁজ পাঁচ যাত্রীর সন্ধানে কোস্টগার্ড, পুলিশ ও সংশ্লিষ্টরা নদীতে অনুসন্ধান চালাচ্ছে বলে জানান তিনি।

ডুবে যাওয়ার পর শুক্রবার দুটি লাশ উদ্ধার করে অগ্নিনির্বাপক বাহিনীর ডুবুরীরা। তারা হলেন- মুক্তিরকান্দি গ্রামের ময়না আক্তার (২৬) ও প্রিন্স (১৭ মাস)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ইয়াহিয়া আলী শিকদার সাংবাদিকদের জানান, শনিবার ভোররাতে ডুবন্ত লঞ্চটির ভেতরে তল্লাসি চালিয়ে ১০টি এবং লঞ্চটি তীরে তোলার পর ভেতরে আরো দুটি লাশ পাওয়া যায়।

এই ১২ জনের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- চাদঁপুরের মতলব উপজেলার বায়েরকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহজালাল (৩৮), ব্রাহ্মণচক গ্রামের আব্দুল মতিনের ছেলে সুমন (৩০), চান্দারকান্দি গ্রামের মৃত সুলেমান প্রধানের ছেলে মাওলানা মজিবর (৪৫), মুক্তারকান্দি গ্রামের মনি আক্তার (১৫), বালুরচর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম বেবি (৪৮), আলআমিন নগরের দুলাল হোসেনের ছেলে ইব্রাহিম খলিল (৮), মোবারক বেপারীর মেয়ে হেলেনা আক্তার (১৮), মৃত রাজ্জাক মিয়ার মেয়ে তানিয়া (১৭) ও চায়না বেগম (২৫)। 

এছাড়া কচুয়া উপজেলার মোক্তার হোসেনের ছেলে সানজিদ (৩) ও তার মেয়ে মিমের (৮) লাশ উদ্ধার করা হয়।

নিখোঁজদের মধ্যে রয়েছেন- নড়াইল জেলার কলাবাড়ী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩৬), মৃত রাজ্জাক মিয়ার মেয়ে শাহনাজ (২০), মৃত আব্দুল করিমের ছেলে আবুল হাসেম ও তার স্ত্রী শেফালী বেগম।

দুর্ঘটনার পর শুক্রবার দুপুর থেকে রুস্তুম ডুবে যাওয়া লঞ্চটিকে তীরে টেনে তোলার কাজ শুরু করে। রাত পৌনে ১টায় উদ্ধার কাজ স্থগিত করে দেয়ার পর শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করেছিল।

এই দুর্ঘটনা তদন্তে নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমানকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে।

কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ উদঘাটন ও লঞ্চ দুর্ঘটনারোধে সুপারিশ করতে বলা হয়েছে।

পুরনো খবর:

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় মামলা