ইশারা ভাষা শেখার সুযোগ চান শ্রবণ প্রতিবন্ধীরা
একটি কথাও না বলে প্রত্যেকটি ‘শব্দ’ বোঝাতে পারেন নাভিনা আজিজ কবির।
শুধু দুটি হাত ব্যবহার করেই মনের ভাব প্রকাশ করতে পারেন টেলিভিশনের এই সংবাদ পাঠক। ইশারা ভাষার মাধ্যমে তিনি এ প্রকাশভঙ্গি রপ্ত করেছেন।
শ্রবণ প্রতিবন্ধী বাবা-মায়ের সন্তান হওয়ায় পরিবার থেকেই তিনি ইশারা ভাষা শেখেন।
বাসার বাইরে শ্রবণ প্রতিবন্ধী এবং ইশারা ভাষা ব্যবহারকারীদের সমিতির কাছে এ ভাষার শিক্ষা নেন নাবিলা। তারা সীমিত আকারে এই প্রশিক্ষণ দেয়। নাবিলা নিজেই এই সমিতিরি একজন উপদেষ্টা।
বর্তমানে ইশারা ভাষার মাধ্যমে টেলিভিশনের খবর উপস্থাপন করছেন তিনি।
শ্রবণ প্রতিবন্ধী এবং তাদের ভাষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়কারী শান্তনু দে বলেন, দেশে প্রায় ৩০ লাখ এ রকম(শ্রবণ প্রতিবন্ধী) মানুষ আছে।
“তবে তাদের ভাব প্রকাশের প্রধান মাধ্যম ইশারা ভাষা শেখার কোনো প্রতিষ্ঠান নেই বাংলাদেশে। তাই এই ভাষা তারা জানেন না। স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব ততটুকুই যোগাযোগ করতে শেখেন তারা,” বলেন শান্তনু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো বলেন, তাদেরকে ইশারা ভাষা শেখানো হলে শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিশেষ কিছু চাকরির ক্ষেত্রে তারা অনেক ভাল করতে পারতো, কারণ চারপাশের শব্দ তাদের কাছে পৌঁছায় না বলে তারা কাজে অনেক বেশি মনোযোগ দিতে পারেন।
সোসাইটি অব দ্য ডিফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজারস বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো বাংলা ইশারা ভাষা দিবস পালন করেছে।
২০১২ সালের ২৬ জানুয়ারি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী প্রতিবছর ৭ ফেব্রুয়ারিতে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হচ্ছে। বিষয়টি এখনো মন্ত্রিসভায় অনুমোদিত হয়নি।
শান্তনু বলেন, শ্রবণ প্রতিবন্ধীদের অধিকার এবং মর্যাদা রক্ষায় শিগগিরই মন্ত্রিসভার স্বীকৃতি পাওয়া যাবে বলে আশা করছি।
এর জন্য ইশারা ভাষা শেখার একটি প্রতিষ্ঠান খুব জরুরি বলে জানান তিনি। পার্শবর্তী দেশ ভারতে ২০১১ সালে এরকম একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
প্রত্যেক ভাষার একটি নিজস্ব ইশারা ভাষা আছে জানিয়ে তিনি বলেন, ওই প্রতিষ্ঠান বাংলা ইশারা ভাষা নিয়ে গবেষণা করবে এবং প্রশিক্ষণের আযোজন করবে।
শ্রবণ প্রতিবন্ধী মানুষ নির্যাতিত হলে তারা তা জানাতে পারে না কারণ, চারপাশের মানুষ তাদের কথা বুঝতে পারে না। এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময়েও তারা বুঝতে পারে না চারপাশে কি হচ্ছে।
অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, সরকারের প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইশারা ভাষা শেখার সুযোগ রাখা উচিত যাতে সরকারি কর্মচারী তাদের কথা বুঝতে সক্ষম হয়।
সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগম বিশেষ কিছু কাজের ক্ষেত্রে শ্রবণ প্রতিবন্ধীদের ভাল কর্মী উল্লেখ করে বলেন, “কোন কাজের ক্ষেত্রে আপনারা (প্রতিবন্ধী) নিজেদেরকে উপযুক্ত মনে করেন, আমাদেরকে জানান। আমরা সেসব কাজ পেতে আপনাদেরকে সাহায্য করব।”
এর আগে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশন চ্যানেলগুলোকে ইশারা ভাষায় সংবাদ উপস্থাপনের উদ্যোগ নিতে আহ্বান জানান।
বাংলাদেশ টেলিভিশন এবং দেশ টিভি এ আহ্বানে সাড়া দিলেও আর কোনো টেলিভিশন এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
সংবাদ পাঠক নাভিনা কবির মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গে এই ভাষার চাহিদাও বাড়বে। কিন্তু আমাদের কোনো প্রতিষ্ঠান না থাকায়, আমরা কাউকে প্রশিক্ষণ দিতে পারছি না।
ইশারা ভাষা শিখে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা দোভাষির কাজ করতে পারেন যে কেউ।
ভাষাটি আকর্ষণীয় হলেও এটি খুব একটা সহজ নয়।
“আমার জন্য এই ভাষা সহজ ছিল, কারণ বাসায় আমি এর মাধ্যমে যোগাযোগ করতাম। তবে এটি ইংরেজি, ফরাসি বা যেকোনো বিদেশি ভাষার মতেই কঠিন।”
একবার শেখার পর তা ব্যবহার না করলে আপনি এই ভাষা ভুলে যাবেন, জানান নাবিলা।
