মেঘনার তীরে স্বজনের আহাজারি
মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চডুবিতে নিখোঁজ যাত্রীর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে মেঘনার তীর।
শুক্রবার সকালে বালুবাহী একটি নৌযানের (বাল্কহেড) ধাক্কায় ইসমানীর চরের কাছে লঞ্চটি ডুবে যায়।
দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, স্বজনদের খোঁজে আসা মানুষ আহাজারির পাশাপাশি বিক্ষোভও করেছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া ফারুক (১৫) তার মাকে পাননি।
ফারুক বলেন, মা নাছিমা বেগমের সঙ্গে তিনি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় তিনি উঠতে পারলেও মা লঞ্চে থেকে যান।
চান্দাকান্দির মজিবর মৌলভী, চাঁদপুরের শিল্পী আক্তার (২২), শাহাজালাল (৪৫) সবাই বেঁচে গেছেন। কিন্তু স্বজনদের এখনো খুঁজে পাননি।
চাঁদপুর প্রতিনিধি জানান, পরিবারের সাত সদস্যের খোঁজে পাগলপ্রায় মতলব উত্তর উপজেলার চান্দ্রাকান্দি গ্রামের অজুফা বেগম। কোনো সান্ত¡না দিয়েই কেউ তাকে থামাতে পারছে না।
এলাকাবাসী জানায়, বাড়িতে অজুফার বৃদ্ধা মা জামিলার মৃত্যুর খবর শুনে সকালে নারায়ণগঞ্জ থেকে লঞ্চযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা হন অজুফার পরিবারের নয় সদস্য।
দু’জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর সাত জনের কোনো সন্ধান নেই।
এ পরিবারের নিখোঁজরা হলেন ময়না (২০), শাহনাজ (১৮), তানিয়া (১৫), চায়না (২৫), চায়নার স্বামী মোক্তার হোসেন (৩২), মেয়ে মীম (১০) ও ছেলে সানজিদ (৭)।
অজুফা বেগম বলেন, “বাবা অহন আমার কি অইবো। আমি কৈ যামু। কোনাই তাগো লাশ পামু। এর থিকা আমার মইরা যাওন বালা। আমি আর বাঁচতে চাই না।”
অজুফার ভাই গোলাম মোস্তফা জানান, তার মা জমিলা খাতুন (১০০) শুক্রবার ভোর ৬টায় মারা যান। মৃত্যুর খবর শুনে তারা নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে ফিরছিল।
তাদের পাশের বাড়ির বৃদ্ধা রোশনারা বেগমের ছেলে মাওলানা মুজিবুর রহমান ওয়াজ শেষে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু লঞ্চ দুর্ঘটনায় তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
কালীপুর লঞ্চঘাটে স্বজনের লাশের অপেক্ষায় থাকা বৃদ্ধা শাহনাজ বেগম বলেন, তার মেয়ে জামাই শাহজালাল এই লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন। শাহজালাল এমভি দূত লঞ্চের মালিক। তিনি দুর্ঘটনাকবলিত লঞ্চযোগে বাড়ি ফিরছিলেন।
