‘জনতার রায়ের চেয়ে বড় কিছু নেই’
নব্বইয়ের গণআদালতে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর যে ফাঁসির রায় হয়েছিল তা বাস্তবায়নের দাবি উঠেছে লাখো জনতার সমাবেশে।
শুক্রবার রাজধানীর শাহবাগ ও তার চারপাশের সড়কে সমবেত হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায় ছাত্র-শিক্ষক, লেখক, অধ্যাপকসহ সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষ।
দেশ স্বাধীনের জন্য অস্ত্র হাতে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকারদের বিরুদ্ধে লড়াই করা মুক্তিযোদ্ধারা যেমন এই সমাবেশে হাজির হন, তেমনি বাবার কাঁধে চড়ে মুষ্টিবদ্ধ হাতে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি তোলে শিশুরাও।
শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণআদালতের ১৯৯২ সালের রায় বাস্তবায়নের দাবি তোলেন সব প্রজন্মের প্রতিনিধিরাই। যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামায়াতে ইসলামী নিষিদ্ধ করারও দাবি তোলেন তারা।
বিকাল ৩টায় শাহবাগ মোড়ে সমাবেশের মূলমঞ্চ থেকে চরমপত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় লাখো মানুষের এ সম্মিলিত প্রতিবাদ। চরমপত্র পড়ে শোনান ব্লগার শহীদুল ইসলাম রাজু।
এরপর সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। হাজারো কণ্ঠে উচ্চারিত হয় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি।
এ সময় চারদিক থেকে মানুষের ঢল নামতে থাকে শাহবাগের সমাবেশস্থলে। কিছুক্ষণের মধ্যে শাহবাগ থেকে দোয়েল চত্বর, বাংলামটর, কাটাবন ও মৎস্যভবন পর্যন্ত চারপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশের মূলমঞ্চে অঞ্জন রায়ের উপস্থাপনায় এবং মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সহযোগিতায় একে একে বক্তব্য দিতে আসেন মুক্তিযোদ্ধা, তাদের স্বজন ও বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা। তাদের অনেকেই মঞ্চে দাঁড়িয়ে স্লোগান ধরেন, ‘রাজাকারের ফাঁসি চাই, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান বলেন, “আমাদের তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না।
“এই সেই একাত্তর, যেখানে আমরা দেশ স্বাধীন করেছি। আজ তোমরা রাজাকারমুক্ত দেশ গঠন করবে। শিবিরমুক্ত স্বাধীন দেশ গড়বে।”
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, “আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধ করে ঘরে ফিরে গিয়েছিলাম। মনে করেছিলাম, আমাদের কাজ শেষ- আমরা নিশ্চিন্ত থাকতে পারি। কিন্তু তা হয়নি। এরপর জাহানারা ইমামের নেতৃত্বে আমরা আন্দোলন করে আমরা রাজাকারদের ফাঁসির রায় দিয়েছি। ভেবেছি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ৯৬ সালে ক্ষমতায় এসে এটা বাস্তবায়ন করবে। কিন্তু আমরা কষ্ট পেয়েছি, যখন দেখেছি সেই রায় বাস্তবায়ন হয়নি।”
গণআদালতের সেই রায় বাস্তবায়নের দায়িত্ব নিতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
এই মুক্তিযোদ্ধা বলেন, “জাহানারা ইমামের পরে ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক হিসাবে আমি সেই রায় বাস্তবায়নের দায়িত্ব তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরা সেই দায়িত্ব পালন করবে। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ।”
তরুণদের এই জাগরণে যুদ্ধাপরাধের বিচার হবেই- প্রত্যয় জানিয়ে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কামাল লোহানী বলেন, “আজ জনতার সমুদ্র জেগে উঠেছে। ১৯৭১ এ আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মই মাঠে ছিলাম। কিন্তু আজ নবীন বন্ধুদেরও আমরা সঙ্গে পেয়েছি।
“কাদের মোল্লা- রাজাকাররা- ওরা আমাদের কেউ নয়। ওদের বিরুদ্ধে একাত্তরে রায় হয়ে গেছে। শুধু কাদের মোল্লা নয়, সকলকে ফাঁসি দিতে হবে।”
“রেসকোর্সের ময়দানে দেয়া বঙ্গবন্ধুর ভাষণে ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একাত্তরে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু মুক্তির সংগ্রাম চলছে।”
কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে আরেফিন সিদ্দিক বলেন, “১৬ কোটি মানুষের দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি। যে রায় দেয়া হয়েছে, ১৬ কোটি মানুষের কাছে সেটা যথাযথ হয়নি। তাই ১৬ কোটি মানুষের দাবি অনুসারে এই রায় পুনর্বিবেচনা করতে হবে।”
সমাবেশে উপস্থিত হয়ে প্রথমে জনতার সঙ্গে বসে রাজাকারের ফাঁসির দাবিতে স্লোগান দেন শহীদসন্তান অধ্যাপক জাফর ইকবাল।এক পর্যায়ে তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়।
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে লাখো মানুষের উচ্চকিত কণ্ঠ প্রতিধ্বনিত হয় তার বাক্যে “আজকের মতো এমন দিন আমাদের আর কখনো আসিনি।”
এই আন্দোলন থেকে তরুণদের সম্পর্কে ভুল ভেঙে গেছে জানিয়ে তাদের কাছে ‘ক্ষমা’ চান এই লেখক।
তিনি বলেন, “আমি লিখেছি, তরুণ সমাজ ফেসবুকে লাইক দেয়া ছাড়া কিছু পারে না। কিন্তু তোমরা সেই ধারণা ভুল প্রমাণ করেছো। আমি ক্ষমা চাই, তোমরা কি আমাকে ক্ষমা করবে না?”
এ সময় আকাশের দিকে তাকিয়ে তিনি বলেন, একাত্তরের ৩০ লাখ শহীদ, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনের নেতৃত্বদানকারী জাহানারা ইমাম এখন তাকিয়ে আছেন, বলছেন তোমাদের ধন্যবাদ।
“শহীদরা বলছেন এই বাংলাদেশকে কেউ আর পদানত করতে পারবে না।”
সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান কে এম শফিউল্লাহ বলেন, “১৯৭১ সালে আমরা উচ্ছ্বসিত হয়ে পাকিস্তানি ও তাদের দোসরদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। কিছু কুলাঙ্গার তাদের সাহায্য করেছিল, তারাই রাজাকার। তারাই আজ দেশে গৃহযুদ্ধের হুমকি দেয়। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।”
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
শহীদ কন্যা ফারজানা বলেন, মুজহিদ, কাদের মোল্লা, গোলাম আযমরা লাশ গুম করে ফেলায় বাবাক কবে হত্যা করা হয়েছিল তা তার জানা নেই।
“আপনাদের কাছে দাবি জানাই, যে দেশে আমার বাবার কবর, সেই দেশে যেন কোনো রাজাকারের কবর না হয়।”
বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্ত বসু বলেন, এখানে কোনো রাজনীতি করতে আসিনি। আমাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করেছেন। সেই যুদ্ধে বিরোধিতাকারী- খুনী, ধর্ষকদের বিচারের জন্য এসেছি।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক বলেন, “জনতার রায় হলো সর্বোচ্চ রায়। এই রায়ে তাদের ফাঁসি হয়েছে। এই রায়ের সঙ্গে আপনাদের রায় সঙ্গতিপূর্ণ না হলে সেই আইন সংশোধন করুন।”
পুলিশ জামায়াত-শিবিরকে মোকাবেলা করতে না পারলে তাদের চুড়ি পরে ঘরে বসে থাকা উচিত মন্তব্য করে এই ছাত্রনেতা বলেন, তাহলে ছাত্র-জনতা জামায়াতকে মোকাবেলার দায়িত্ব নেবে।
কাদের মোল্লার রায়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে ‘বেঈমানী’ করা হয়েছে বলে মন্তব্য করেন ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, জামায়াত- শিবিরকে নির্মূল করে তরুণ প্রজন্ম ঘরে ফিরে যাবে। ঐক্যবদ্ধভাবে, সামাজিকভাবে তাদের প্রতিরোধ করা হবে।
বাংলাদেশ ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট নেট্ওয়ার্কের ইমরান এইচ সরকারের সভাপতিত্বে শুরু হয় এ মহাসমাবেশ। এ সময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ছাড়াও উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ উপস্থিত ছিলেন।
ছাত্রনেতাদের পর যুব সংগঠনের নেতারা মঞ্চে ওঠেন। যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, জাতীয় যুব ঐক্যের সভাপতি পুলক ঘটক, যুবেমৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন বক্তব্য দেন।
শিবির এ প্রজন্মের রাজাকার-মন্তব্য করে তাদের প্রতিহত করার আহ্বান জানান যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি।
তিনি বলেন, রাষ্ট্রকেই সব যুদ্ধাপরাধীর ফাঁসির ব্যবস্থা করতে হবে।
বক্তব্যের মাঝে মাঝে স্লোগান উঠে- ফাঁসি ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই।
আবার কখনো কেবল ‘ফাঁসি ফাঁসি’ বলেই স্লোগান দেয়া হচ্ছিল।
অন্য স্লোগানগুলোর মধ্যে ছিল, জামায়াতে ইসলাম/মেড ইন পাকিস্তান, জামায়াত শিবিরের রাজনীতি/আইন করে নিষিদ্ধ করো, পাকিস্তানের প্রেতাত্মারা/পাকিস্তানে ফিরে যা, একাত্তরে হয়নি সাজা/মুক্তিযুদ্ধ হয়নি শেষ/ রাজকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন।
