২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের বই, বইয়ে মুক্তিযুদ্ধ

প্রকাশনা প্রতিষ্ঠান সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ স্টলের উপরে লেখা ‘শুধুই মুক্তিযুদ্ধের বই’।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

স্টলটির পাশেই বসে ছিলেন মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর কামরুল হাসান ভূঁইয়া। তাকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন তিন তরুণী।

তাদেরকে তিনি বলছিলেন, “মুক্তিযোদ্ধাদের নিয়ে বই লিখতে গেলেই আমার দুই চোখে সমানে পানি ঝরতে থাকে।”

তার কথার প্রতিক্রিয়া জানান ঢাকা মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েশনের ছাত্রী রেজওয়ানা রিফাত। “আমি আপনার জন যুদ্ধের গণযোদ্ধা বইটি পড়েছি আর কেঁদেছি।”

“মুক্তিযুদ্ধ নিয়ে যোদ্ধাদের যে আবেগ এই প্রজন্মের যারা তাদের মধ্যে সেই আবেগ প্রবাহিত হচ্ছে। আর এই প্রবাহটি তৈরি করছে বই।”  বলেন ইডেন মহিলা কলেজের মার্স্টাসের ছাত্রী জান্নাত ফেরদৌস কেয়া।

তিনি মেলা এসেছেন তার স্বামী তিতাস গ্যাস এর কর্মরত আবু সালেহ আল ফারাবী-এর সঙ্গে।

“মুক্তিযুদ্ধের বই আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করছে। ভবিষ্যতের জন্য এই বইগুলো থেকে সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে।” বলেন সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ এর বিক্রিয় প্রতিনিধি রবিউল ইসলাম।

তিনি বলেন এবারের মেলায় তারা মুক্তিযুদ্ধে নিয়ে কয়েকটি বই প্রকাশ করছেন। এর মধ্যে মেলায় এসেছে কামরুল হাসান ভূঁইয়ার ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী : বিহঙ্গের ডানা’, ‘মুক্তিযুদ্ধে কিশোরদের অবদান’ ও ‘স্বাধীনতা- ষষ্ঠ খণ্ড’; ফেরদৌস কামাল উদ্দীন মাহমুদ টিপু ‘একাত্তর : কেন্দ্রবিন্দু খেলাঘর’ প্রভৃতি।

এদিকে বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাড়গ থেকে জানানো হয়েছে, মেলায় সপ্তম দিন পর্যন্ত মোট ১১টি মুক্তিযুদ্ধের বই প্রকাশিত হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো- আগামী প্রকাশনী থেকে আনিসুজ্জামানের ‘মুক্তিযুদ্ধ এবং তারপর’, অ্যাডর্ন পাবলিকেশন্স থেকে মীর হাসমত উল্লাহ-এর ‘মুক্তিযুদ্ধে আমি এবং আমার সময়’, জনপ্রিয় প্রকাশনী থেকে শরবিন্দু শেখর চাকমা-এর ‘মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম’, অনুপম প্রকাশনী থেকে আবদুর রহমান তালুকদার এর ‘মুক্তিযুদ্ধে শেরপুর’, অনিন্দ্য প্রকাশ থেকে সুরমা জাহিদ এর ‘বর্হিবিশ্বে গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’, প্রথমা প্রকাশন থেকে কাজু হিরো ওয়াতানাবে এর ‘রক্ত ও লাল গোলাপ’, প্রিতম প্রকাশ থেকে এম. এ. জব্বার এর উপন্যাস ‘মুক্তিযুদ্ধে সখিনা’ ।

এছাড়া মেলায় পাওয়া যাচ্ছে সময় প্রকাশন থেকে প্রকাশিত মুনতাসীর মামুনের ১২ খণ্ডে ‘মুক্তিযুদ্ধ কোষ’, বাংলা একাডেমী থেকে বেরিয়েছে আখতার হুসেনের ‘কিশোর শহীদ মতিউর রহমান’, সরদার ফজলুল করিম ও রঙ্গলাল সেন সম্পাদিত স্মারক গ্রন্থ ‘শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতা’, মো. কামরুল হুদা রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস : উৎস অনুসন্ধান’, ক্যাপ্টেন সাজ্জাদ আলী জহির-এর ‘মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাব কাদের বীরউত্তম’, অন্যন্যা থেকে ইমদাদুল হক মিলনের ‘মুক্তিযুদ্ধের গল্প’, আগামী প্রকাশনী থেকে হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস ‘ইউটিপিয়া’ ও মিলি সুলতানা-এর ‘যুদ্ধ শিশু’ প্রভৃতি।

প্রথম সপ্তাহে প্রায় ৫০০ বই

অমর একুশে বইমেলা ২০১৩’র প্রথম সপ্তাহে বের হয়েছে ৪৯০টি নতুন বই। এর মধ্যে উপন্যাস ১০০, কবিতা ৯৪, গল্প ৪৫, প্রবন্ধ ৪২, জীবনী ১৭, রম্য/ধাঁধা ১৯, বিজ্ঞান ১৩, শিশুতোষ ১৩, মুক্তিযুদ্ধ ১১, গবেষণা ৯, ছড়া ৯, অনুবাদ ৮, ইতিহাস ৭, ভ্রমন ৫, ধর্মীয় ৬, সায়েন্স ফিকশন ৪, রাজনীতি ৩, চিকিৎসা ৩, নাটক ২ এবং অন্যান্য বিষয়ের উপর ৬৫টি বই প্রকাশিত হয়েছে।

মোড়ক উন্মোচন

নজরুল মঞ্চে বৃহস্পতিবার উন্মোচিত হয়েছে ১১টি নতুন বইয়ের মোড়ক। এর মধ্যে পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ও মাসরুর আরেফিন সম্পাদিত ‘কাফকার গল্প সমগ্র’ বইয়ের মোড়ক  উন্মোচন করেন অধ্যাপক এমিরেটাস ড. আনিসুজ্জামান। কার্টুনিস্ট আহসান হাবীব উন্মোচন করেন মুক্তচিন্তা থেকে প্রকাশিত ডা. আনিস আহমেদের ‘প্রজেক্ট গ¬াস জার’।

দি ইউনিভার্সেল একাডেমী থেকে প্রকাশিত এড. জয়নুল আবেদীনের ‘চিত্রগুপ্তের খাতা’র মোড়ক উন্মোচন করেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া আরো উন্মোচিত হয় ওবায়দুল হক মিলনের ‘প্রেম কখনো মধুর কখনো বেদনা বিধুর’, শেখ ডেভিডের ‘অশ্রুতে অঙ্গার’, আলতাব হোসেন মেঘলার ‘আকাশের ভালবাসার স্মৃতি’, সাইফুল ইসলামের ‘প্রকৃতির প্রেমের খেলা’, জিয়া উদ্দিন রাজুর ‘তবুও ভালোবাসব’, ‘নীল কষ্ট’ ও ‘ফুলের দেশ হল্যা-’ এবং ড. সৌমিত্র শেখরের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চেতনার বাতিঘর’।

নতুন বই

একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপ বিভাগ থেকে পাওয়া তথ্য মতে, বৃহস্পতিবার মেলায় এসেছে ৯০টি নতুন বই। এর মধ্যে গল্প ৯টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ৭টি, কবিতা ১৬টি, গবেষণা ২টি, ছড়া ৩টি, শিশুতোষ ৩টি, জীবনী ২টি, নাটক ৩টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৪, রাজনীতি ২, রম্য/ধাঁধা ২টি, ধর্মীয় ১টি, সাইন্স ফিকশন ১ এবং অন্যান্য ১১টি।

এর মধ্যে সিদ্দীকীয়া পাবলিকেশন্স থেকে এসেছে আইরিন নিয়াজি মান্নার ‘মালিবাগের ছড়া’, শুদ্ধস্বর থেকে সৈয়দ শামসুল হকের ‘স্বাদিত রবীন্দ্রনাথ’, অনন্যার হানিফ সংকেতের ‘নিয়মিত অনিয়ম’, আমীরুল ইসলামের ‘পাখিমেঘ ও মেঘ পাখির ছড়া’, শব্দশিল্প থেকে আবুল হায়াতের ‘শেষ পত্র’, শাহ আলম সাজুর ‘আনন্দলোকে হুমায়ূন আহমেদ’, বৃন্দাবন দাসের ‘ নির্বাচিত ২টি নাটক’ উল্লেখযোগ্য।

মূল মঞ্চের আয়োজন

বৃহস্পতিবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘কমল দাশগুপ্ত: জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক করুণাময় গোস্বামী। আলোচনায় অংশ নেন আ বা ম নুরুল আনোয়ার এবং খায়রুল আলম সবুজ।

সভাপতিত্ব করেন অধ্যাপক রফিকুল ইসলাম।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ডালিয়া নওশিন, মাসুদা নার্গিস আনাম, জাহিদ হাসান নীরব, নাসিমা শাহীন ফেন্সী, সুমন মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী এবং শারমিন সাথী ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর স্টল

এবারের বইমেলায় মেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর স্টল রয়েছে। এখান থেকে বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিবেশন করা হচ্ছে।

মেলা কমিটির অভিযান: বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মেলা পরিচালনা কমিটি আচমকা বিভিন্ন স্টলে অভিযান পরিচালনা করেন। তারা আবিষ্কারসহ বেশকিছু স্টলে যান। ওই সময় স্টলটিতে ভারতীয় লেখকদের অনুমোদন বিহীন বই এবং মেলায় ‘নিষিদ্ধ’ বই ডোরেমন পাওয়া যায়। অভিযানকারীদের দেখে প্রকাশনা প্রতিষ্ঠানটির প্রকাশক পালিয়ে যান।

স্টলটির বিক্রয়কর্মিদের মেলা কমিটি মৌখিক ভাবে সর্তক করে দেন। শুক্রবার বেলা তিনটায় আবারো কমিটি পাইরেটেড বই খুঁজে বের করার আভিযানে নামবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বেশকিছু সংবাদমাধ্যমে সংবাদ পরিবেশন এবং অভিযোগের প্রেক্ষিতে মেলা কমিটি এই অভিযান পরিচালনা করে।

শুক্রবারের আয়োজন

শুক্রবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী হাশেম খান। বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘হবীবুল¬াহ বাহার চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন সৈয়দ আনোয়ার হোসেন, মোরশেদ শফিউল হাসান এবং ইসরাইল খান। সভাপতিত্ব করবেন আহমদ রফিক। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুরনো খবর:

এবার মেলার ৪ দিন শিশুদের