গণজোয়ারে সমর্থন মহাজোট এমপিদের
আব্দুল কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগসহ সারাদেশের চলমান গণজোয়ারের প্রতি সমর্থন জানিয়েছেন মহাজোটের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে চিহ্নিত সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান তারা।
সংসদ সদস্য ইস্রাফিল আলম বলেন, “শাহবাগে নতুন প্রজন্মের নবধারার আন্দোলনের শুভ সূচনা হয়েছে। এই আন্দোলনকে স্বাগত জানাই। এই আন্দোলন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা প্রত্যেকটি চিহ্নিত যুদ্ধাপরাধীর ফাঁসি দাবি করি।”
এই আলোড়নকে সাধুবাদ জানিয়ে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, “যারা স্বাধীনতাবিরোধীদের রক্ষার চেষ্টা করছে তাদেরও দাঁতভাঙা জবাব দেয়া হবে। তরুণ সমাজ জেগে উঠলে তাদের রুখা যায় না।”
ননী গোপাল মণ্ডল বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বাংলার মানুষ দৃঢ় প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছে।
তিনি বলেন, সারাদেশের মানুষ উঠে দাঁড়িয়েছে, সময় এসেছে প্রতিশোধ নেয়ার। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।
সংসদ সদস্য আকতার মাহমুদ সিরাজুল আকবর বলেন, “যে আন্দোলন শুরু হয়েছে এখান থেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হবে বলে আমি বিশ্বাস করি। যুব সমাজ প্রমাণ করেছে বাঙালি পরাজিত হওয়ার না।”
এছাড়াও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, এনামুল হক, শফিকুল ইসলামও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন।
কাদের মোল্লার ফাঁসির দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া জমায়েত বুধবারও রাত কাটিয়েছে শাহবাগ মোড়েই। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগ দিয়েছেন নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সারা দেশেও ছড়িয়ে পড়েছে এই গণজোয়ার।
