‘এই জাগরণ মুক্তিযুদ্ধের দ্বিতীয় অধ্যায়’
যুদ্ধাপরাধের জন্য আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে চলমান বিক্ষোভে সংহতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং সরকারের দুই মন্ত্রী।
আন্দোলনে সংহতি জানানোর পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জনতার এই আন্দোলন মুক্তিযুদ্ধের দ্বিতীয় অধ্যায়।”
“এই আন্দোলনে শরিক হতে এখানে এসেছি।”
যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো সমঝোতা হয়নি জানিয়ে তিনি বলেন, “সরকারের সাথে কোনো ধরনের সমঝোতা হয়নি।আমরা বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছি। যারা দোষি সাব্যস্ত হবে তাদের শাস্তি হবে।”
জনগণের রায়ই সবচেয়ে বড় রায় মন্তব্য করে তৌফিক-ই-এলাহী বলেন, “জনগণের এ প্রতিক্রিয়াই প্রমাণ করে এদেশের মাটিতে তারা আর কোনো স্বাধীনতাবিরোধীকে দেখতে চায় না।”
উপদেষ্টার পর বিক্ষোভস্থলে আসেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেন, “দীর্ঘ দিন ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বাংলার মানুষ আন্দোলন করে আসছে। আন্দোলনের ফসল ঘরে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
জনগণের দাবির মুখে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বিক্ষোভ থেকে স্লোগান আসে ‘আপোসের রায় মানি না, মানি না’, ‘মিষ্টি কথায় ভুলি না, ভুলবো না’, ‘রাজাকোরের দালালেরা হুঁশিয়ার সাবধান’।
এরপর সমাবেশস্থল ত্যাগ করেন সাহারা খাতুন।
সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের আরো সংগঠিত হওয়ার আহ্বান জানান অর্থনীতিবিদ আবুল বারকাত।
এর আগে সকালে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানান বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে সংহতি জানানো হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় ক্রীড়া ফেডারেশন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা, বারডেম হাসপাতাল বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সমাবেশে মানুষের ঢল নামছে।
বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে কাদের মোল্লার ফাঁসির দাবিতে মানববন্ধন করে বঙ্গবন্ধু পরিষদ।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এ মালেক বলেন, “আমরা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি।”
এসময় সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাহবুব উদ্দিন(বীব বিক্রম), কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন ও আবদুস সালাম আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে সংহতি প্রকাশ করেন।
