হোটেলে তরুণীকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার
পুরান ঢাকার একটি আবাসিক হোটলে এক তরুণীকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকা থেকে রিজভী আহমেদ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
বংশাল থানার ওসি কুদ্দুস ফকির জানান, গত সোমবার নর্থ সাউথ রোডের হোটেল নিউ শুভেচ্ছায় স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে উঠেছিল রিজভী ও বৃষ্টি।
মঙ্গলবার রাত ২টার দিকে ওই হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, তরুণীকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে রিজভী প্রাথমিকভাবে পুলিশকে জানায়।
বৃহস্পতিবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বৃষ্টির প্রকৃত স্বামী মো. শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জের আলগির চরে। সোমবার বৃষ্টি একই গ্র্রামের বেকার যুবক বিজভীর সঙ্গে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যায়।অনেক খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যায়নি।। বংশাল থানা পুলিশের ফোন পেয়ে তিনি মর্গে আসেন।
তিনি বলেন, বৃষ্টির পুরো নাম বিউটি বেগম বৃষ্টি (২৫)। তার সুমাইয়া (৮) ও সারাইয়া (৪) নামে দুই কন্যা সন্তান রয়েছে।
শওকত স্থানীয় বাজারে দর্জির দোকানি।
ওসি বলেন, হত্যার কারণ কিছু বলছে না রিজভী। তাকে পুলিশ হেফাজতে আনলে বিষয়টি জানা যাবে।
