আন্দোলন-মেলায় সেতুবন্ধন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেই বুধবার বইমেলায় ছিল ব্যাপক ভিড়।
সমবেত বইপ্রেমীরা যেমন মেলায় ঘুরেছেন; তেমনি সক্রিয় ছিলেন শাহবাগেও, যেখানে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে।
বেলা ৩টায় বইমেলার ফটক খুলে দেয়ার ঘণ্টাখানেক পর থেকেই ক্রমেই ভিড় বাড়তে থাকে।
রুকসানা মিলি নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শাহবাগে অবস্থানকারীদের সমর্থন জানাতে এসেছিলাম। সেখান থেকে সুযোগ করে মেলায় ঘুরতে এসেছি।”
“আমরা রাজাকারমুক্ত দেশ চাই। এজন্য যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে,” বলেন তিনি।
মিলির সঙ্গে ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক নন্দিতা তাবাসসুম।
বইমেলায় ভিড় দেখিয়ে তিনি বলেন, “হরতালকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে এই মেলা থেকেও এক ধরনের প্রতিবাদ জানানো হচ্ছে। এর মাধ্যমে কাদের মোল্লার ফাঁসির দাবিটিও থাকছে।”
সময় বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা নাগাদ মেলা কানায় কানায় ভরে ওঠে।
তবে কয়েকজন প্রকাশক জানালেন, টানা দুইদিন হরতাল থাকায় বুধবার তারা কোনো বই মেলায় আনছেন না। এই তালিকায় ছিল- ‘অন্য প্রকাশ, অন্যন্যার মতো বড় প্রকাশনা প্রতিষ্ঠানও।
অন্যন্যা প্রকাশনীর সাইফুল ইসলাম বলেন, “আজকে আমাদের কোনো বই আসবে না। গতকাল প্রচুর দর্শনার্থী ছিল ঠিকই, তবে বিক্রি হয়েছে খুবই কম।”
বুধবার জাগৃত প্রকাশনী বাজারে এনেছে ফাতেমা আবেদীনের ‘ছায়া খুঁজে ফিরি’ এবং নাজবীন রহমানের ভৌতিক উপন্যাস ‘প্রতিশোধ’।
মোড়ক উন্মোচন: মেলার ষষ্ঠ দিনে নজরুল মঞ্চে ছয়টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়। এর মধ্যে রম্যলেখক আহসান হাবীব উন্মোচন করেন রূপ প্রকাশন প্রকাশিত মহীবুল আজিজের ‘সৈয়দ ওয়ালীউল্লাহ ও অন্যান্য প্রবন্ধ’ এবং ডা. প্রণব কুমার চৌধুরীর ‘প্রেসক্রিপশনের গল্প’। আরো উন্মোচিত হয় রবি মুহাম্মদের ‘মানুষ’, মোস্তফা আহসান হাবীবের ‘অ্যাকটিভ ডিনায়াল সিস্টেম’, দিলদার হোসেনের ‘চলচ্চিত্র ও নাটক সাহিত্যের অলিতে গলিতে’ ও এমএম রজব আলীর ‘অনন্ত অপেক্ষা’।
নতুন বই: বুধবার মেলায় এসেছে ১০০টি নতুন বই। এর মধ্যে কবিতা ২৪, উপন্যাস ১৬, গল্প ১১, বিজ্ঞান ৭, জীবনী ৬, ধর্মীয় ৪, প্রবন্ধ ৩, রম্য/ধাঁধা ৩, মুক্তিযুদ্ধ ২, অনুবাদ ২, শিশুসাহিত্য ২, চিকিৎসা/স্বাস্থ্য ২, গবেষণা ১, ছড়া ১, নাটক ১, রাজনীতি ১ এবং অন্যান্য ১৪টি।
এর মধ্যে জাগৃতি প্রকাশনী থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ ‘রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মতোই’, অনুপম প্রকাশনী এনেছে যতীন সরকারের প্রবন্ধ ‘যুগান্তরের ঘূর্ণিপাক ও বাংলাদেশের উপন্যাস’, বিভাষ প্রকাশনী এনেছে মুহম্মদ নূরুল হুদার কাব্যগ্রন্থ ‘যতদূর বাংলাভাষা ততদূর এই বাংলাদেশ’, আগামী প্রকাশনী থেকে হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস ‘নটে গাছটি’, অনিন্দ্য প্রকাশ থেকে এসেছে আহমদ রফিকের প্রবন্ধ ‘রক্তের নিসর্গে স্বদেশ’, সময় প্রকাশন এনেছে আহসান হাবীবের ‘গল্পের যাদুকর’, ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে আমিনুর রহমান সুলতানের সংকলন ও সম্পাদনায় ‘সোমেন চন্দের গল্প ও গল্পপাঠ’, রোদেলা প্রকাশনী থেকে মামুনুর রশীদের আত্মজীবনী ‘জীবনের সাইকেল’, মুক্তধারা থেকে আহসান হাবীবের ‘স্পোর্টস জোকস’, হাওলাদার প্রকাশনী থেকে নাসিম সাহনিকের ‘মানুষের জিন মানুষের মন’, সাহস পাবলিকেশন্স থেকে কবি বেলাল মোহাম্মদের ‘যাবো কেষ্টপুর’ ও ঝর্না দাস পুরকায়স্থ’র ‘ক্যাপুচিনো’, সূচিপত্র থেকে গোলাম মাওলা রনির ‘নির্বাচিত কলাম’, অন্য প্রকাশ থেকে আবদুশ শাকুরের ‘রবীন্দ্রজীবনের অনুজ্জ্বল অঞ্চল’, শুদ্ধস্বর থেকে আনোয়ারা সৈয়দ হকের ‘খাদ’, চারুলিপি প্রকাশন থেকে জাহানারা ইমামের ‘বীরশ্রেষ্ঠ’, নান্দনিক থেকে ইমদাদুল হক মিলনের ‘সোনার মানুষ’ উল্লেখযোগ্য।
মূল মঞ্চের আয়োজন: বুধবার বিকাল ৪টায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘দ্বিজেন্দ্রলাল রায়; সার্ধশত জন্মবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক সেমিনার।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন। আলোচনা করেন অধ্যাপক মাহবুবুল হক, কথাশিল্পী মহীবুল আজিজ, অধ্যাপক সৌমিত্র শেখর এবং ড. শাহাদাৎ হোসেন নিপু।
সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক পবিত্র সরকার।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নীলোৎপল সাধ্য, প্রমীলা ভট্টাচার্য, নার্গিস চৌধুরী, মহাদেব ঘোষ, আজিজুর রহমান তুহিন, স্বর্ণময়ী মণ্ডল, এ.টি.এম জাহাঙ্গীর, সুমা রানী রায় এবং সঞ্জয় রায়।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন পিনু সেন দাস (তবালা), হাসান আলী (বাঁশি), আবু কামাল (বেহালা), ইফতেখার হোসেন সোহেল (কী বোর্ড) এবং বিশ্বজিৎ সেন (মন্দিরা)।
বৃহস্পতিবারের আয়োজন: বৃহস্পতিবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘কমল দাশগুপ্ত: জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা সভা।
এতে মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক করুনাময় গোস্বামী। নজরুল গবেষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আলোচনা করবেন আ বা ম নুরুল আনোয়ার, সৈয়দ আবদুল হাদী ও খায়রুল আলম সবুজ। সন্ধ্যায় যথারীতি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
