সাংসদকে আক্রমণের পর সংঘর্ষ, আহত ৭
সংসদ সদস্যকে আক্রমণের জেরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে কুড়িগ্রামে ছাত্রলীগকর্মীসহ সাত জন আহত হয়েছে।
শহরের কলেজ রোডের পাশে বিজয় স্তম্ভ চত্বরে বুধবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছাত্রলীগকর্মী আনিস(৩০), শান্ত (২৫) ও আপেল মাহমুদকে(২০) কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া আহত বিটিভির ক্যামেরাম্যান নাজমুল হোসেন, এনটিভির ক্যামেরাম্যান সুজা, ইনডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাম্যান রবিউল এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর প্রাথমিক চিকিত্সা নেন।
সকাল ১০টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংসদ সদস্যকে আক্রমণ করতে গিয়ে চাপাতিসহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী আটক হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলীর সঙ্গে শাহজাহানের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে।শাহজাহান জেলা আওয়ামী লীগের সভাপতি আমসা আমিনের পক্ষের লোক হিসাবে পরিচিত।
শাহজাহান সকাল সাড়ে ১০টায় সভাস্থলে এসে আকস্মিকভাবে সংসদ সদস্যকে আক্রমণ করার চেষ্টা করেন। তখন সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে চাপাতিসহ আটক করে পুলিশে দেয় বলে জানান সদর থানার ওসি ময়নুল ইসলাম।
