‘জলদস্যু’ জাম্বু আটক
বঙ্গোপসাগরের ‘জলদস্যূ’ মোকারম জাম্বুকে (৩৫) বুধবার দুপুর কক্সবাজারের চকরিয়া থেকে আটক করেছে পুলিশ।
মোকারম জাম্বু মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের প্রয়াত এখলাছ মিয়ার ছেলে। তার নামে জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনাদিয়া দ্বীপকেন্দ্রিক ‘জাম্বু বাহিনী’ গঠন করে সাগরে ডাকাতি করে আসছিল জাম্বু। বেলা পৌনে ২টার দিকে চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
তাকে পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি বলেন, সম্প্রতি জেলা ফিশিং বোট মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনকে ২০ জলদস্যূর নামের যে তালিকা দেয়া হয় সেখানে জাম্বুর নাম ২ নম্বরে রয়েছে।
মাঝধরা ট্রলারে ঘনঘন ডাকাতির প্রতিবাদে গত ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাচ্ছে জেলা ফিশিং বোট মালিক সমিতি।
