সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
সুন্দরবনের শরণখোলা উপজেলায় বুধবার সকালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘বনদস্যু’ নিহত হয়েছেন।
শরণখোলা রেঞ্জের শেলার চরে এ অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
ঘটনাস্থল থেকে র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতরা হলেন সুন্দরবন এলাকার বনদস্যুদল শহীদুল বাহিনীর প্রধান শহীদুল (৪০) এবং বিল্লাল বাহিনীর সদস্য মুজিবর (৩৮)।
শহীদুল বাগেরহাটের রামপাল উপজেলার প্রয়াত দলিল উদ্দিন শেখের ছেলে। মুজিবর খুলনার দাকোপ উপজেলার আবু তালেব মোল্লার ছেলে।
র্যাব-৮ এর ক্যাপ্টেন শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদিন আগে শেলার চর এলাকায় বনদস্যুদের অবস্থান সম্পর্কে তথ্য পায় র্যাব। বুধবার ভোরে র্যাব-৮ ও র্যাবের প্রধান কর্যালয় থেকে পাঠানো দুটি দল হেলিকপ্টারযোগে ওই এলাকায় অভিযান চালায়।
সকাল সোয়া ৯টার দিকে চরে কয়েকজনকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে র্যাব তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দস্যুরা গুলি ছুড়লে র্যাবের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে ‘বনদস্যুরা’ পিছু হটে।
“পরে ঘটনাস্থলে দুজনের মৃতদেহ ও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়,” বলেন শিশির।
স্থানীয় জেলেরা লাশ দুইটি সনাক্ত করে বলেও শিশির জানান।
