এমপিকে 'আক্রমণ' করতে গিয়ে কুড়িগ্রামে আ. লীগ নেতা আটক
আভ্যন্তরীণ কোন্দলের জেরে দলের কাউন্সিলের মধ্যে সংসদ সদস্যকে আক্রমণ করতে গিয়ে চাপাতিসহ আটক হয়েছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের এক নেতা।
বুধবার সকালে শহরের কলেজ রোডের পাশে বিজয় স্তম্ভ চত্বরে এ ঘটনা ঘটে।
আটক শাহজাহান আলী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলীর সঙ্গে শাহজাহানের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। শাহজাহান জেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল আমসা আমিনের পক্ষের লোক হিসাবে পরিচিত।
শাহজাহান সকাল সাড়ে ১০টায় সভাস্থলে এসে আকস্মিকভাবে সংসদ সদস্যকে আক্রমণ করতে যান।
তখন সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে চাপাতিসহ আটক করে পুলিশের হাতে দেয় বলে জানান সদর থানার ওসি ময়নুল ইসলাম।
তিনি জানান, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
আমসা আমিন কিছুদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বুধবারের কাউন্সিলে তার সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু তিনি আসেননি। সম্মেলনে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
