না.গঞ্জ ও গাজীপুরে গাড়িতে আগুন, হামলা
জামায়াতে ইসলামীর ডাকে টানা দ্বিতীয় দিনের হরতালে পিকেটাররা নারায়ণগঞ্জ ও গাজীপুরের অন্তত তিনটি গাড়িতে আগুন দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি গাড়িতে আগুন দেয়ার পর জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপরও হামলা চালায়। তার আগে শহরে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। সংঘর্ষের পর ৬ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া গাজীপুরে হরতালের শুরুতে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকায় বিআরটিসির একটি বাসে জামায়াত-শিবির কর্মীরা আগুন দেয়।
হরতালের সময় খুলনায় পুলিশের গাড়িতে হামলা চালায় জামায়াত-শিবিরকর্মীরা। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রাজশাহীতেও।
জামায়াতে ইসলামীর ডাকে টানা দ্বিতীয় দিনের হরতালে জনজীবনে খুব বেশি প্রভাব পড়েনি। দূরপাল্লার যান না চললেও, জেলা শহরগুলোতে রিকশা, সিএনজি, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে সকাল থেকেই।
অফিস-আদালত যথারীতি খোলা ছিল। সকালের একটু পর থেকেই জেলা শহরগুলোতে খুলতে শুরু করে দোকান-পাটও।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর বুধবারও হরতাল ডাকে দলটি।
বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ
প্রত্যক্ষদর্শীদের সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় লাঠিসোটা, রামদা, ধারালো অস্ত্র নিয়ে জামায়াত-শিবিরকর্মীরা মিছিল বের করে।
“এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুলের পাশে রাখা একটি মিনিবাস এবং ট্রাকে আগুন দেয় হরতালকারীরা।”
দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে হরতালকারীরা তাদের আক্রমণ করে। একপর্যায়ে পুলিশ পাশের মোহাম্মদিয়া হোটেলে আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় হরতালকারীরা। একই সময় সেখানের ফোকাস নামের একটি স্টুডিও ভাংচুর করা হয় বলে জানান ওসি।
তিনি জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ধাওয়ায় শিবিরকর্মীরা পালিয়ে যায়। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটক করা হয় দুই শিবির কর্মীকে।
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল পৌনে ৭টার দিকে শহরের গলাচিপা নিতাইগঞ্জ এলাকা থেকে হরতাল সমর্থনে মহানগর ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে লোহার রড ও লাঠিসোটা নিয়ে মিছিল বের করা হয়।
শহরের চাষাঢ়া এলাকায় পুলিশ মিছিলে বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
পুলিশ পাল্টা লাঠিপেটা করে এবং টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি ও দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে শিবিরকর্মীরা শহরের বিভিন্ন গলিতে আশ্রয় নেয়। আটক করা হয়েছে ৬ জনকে।
আহতদের মধ্যে অজ্ঞাত একজন শিবিরকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মঞ্জুর কাদের আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩০-৩৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ৩ জনসহ ৬ জনকে আটক করেছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর
জয়দেবপুর থানার ওসি কামরুজ্জামান জানান, বুধবার সকাল ৭ দিকে তেলিপাড়া এলাকায় পিকেটাররা বিআরটিসির একটি বাস থামিয়ে বাসে অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে বড় ধরনের ক্ষতির আগেই আগুন নিভিয়ে ফেলে।
জয়দেবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ জনকে আটক করা হয়েছে।
খুলনা
সকাল সোয়া ৮টার দিকে খুলনার রূপসা উপজেলার কুয়েত মসজিদের নিকটবর্তী খেজুরতলা এলাকায় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ইমমুর রশীদের গাড়িতে হামলা চালায় হরতালকারীরা।
খুলনার সহকারী পুলিশ সুপার (খ সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, ইমামুর রশীদ রূপসা থেকে শহরের দিকে আসছিলেন। তার গাড়ি রূপসা সেতু পার হয়ে কুয়েত মসজিদের সামনে পৌঁছালে জামায়াত-শিবির কর্মীদের অবরোধের মুখে পড়ে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে থাকা দুই কনস্টেবল অবরোধ সরিয়ে নেয়ার অনুরোধ জানালে জামায়াত-শিবির কর্মীরা লাঠিসোটা নিয়ে গাড়ির ওপর চড়াও হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় ৩২ রাউণ্ড ফাঁকা গুলি ছোঁড়া হয় বলে আব্দুল কাদের বেগ জানান।
রাজশাহী
সকাল সাড়ে ৭টায় রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ বাইপাস সড়কের বহরমপুরে হরতাল সমর্থকরা আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে।
রাজপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, এসময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছ।
ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
