দ্বিতীয় রায়েও উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে সহযোগী বাহিনী লেলিয়ে দেয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়ে।
এর আগে গত ২১ জানুয়ারি আবুল কালাম আযাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়ের পর্যবেক্ষণেও এই দলটির যুদ্ধাপরাধে ছিল বলে উঠে আসে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় তার এ সাজা হয়।
আব্দুল কাদের মোল্লা
রায়ে বলা হয়, স্বাধীন বাংলাদেশের ডাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনতা সর্বান্তকরণে সমর্থন দিয়েছে এবং যুদ্ধে অংশ নিয়েছে।
“কিন্তু গুটিকতক বাঙালি, বিহারী, অন্যান্য পাকিস্তানপন্থী এবং কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিশেষ করে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, কাউন্সিল মুসলিম লীগ, নেজাম-ই-ইসলামী স্বাধীন বাংলাদেশের ধারণা বর্বরভাবে প্রতিরোধ করতে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল অথবা সহযোগিতা করেছিল।”
“আর তাদের অধিকাংশ বাংলাদেশের সীমানায় প্রথাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘনে বর্বর কর্মকাণ্ড সংগঠনে নিবেদিত হয়েছিল এবং সহায়তা করেছিল।”
এর ট্রাইব্যুনালের রায়ে ডানপন্থী ওই দলগুলোর লেলিয়ে দেয়া সহযোগী বাহিনী উদ্দেশ্য সম্পর্কেও তুলে ধরা হয়।
“সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী বিশেষ করে হিন্দু, আওয়ামী লীগের অধীনে রাজনৈতিক গোষ্ঠী ও বাঙালি বুদ্ধিজীবী এবং বাংলাদেশের নিরস্ত্র বেসামরিক মানুষ- যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল মূলত তাদেরকে চিহ্নিত করার ও নির্মূল করতে এক একটি বাহিনী কাজ করতে রাজাকার, আল-বদর, আল শামস ও শান্তি কমিটি ইত্যাদির মতো কয়েকটি সহযোগী বাহিনী গঠন করে পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী।”
এর পর ট্রাইব্যুনাল মোটামুটি কোনো সন্দেহ না রেখেই সহযোগী বাহিনীর সঙ্গে এই ইসলামী দলটিকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত দেখান।
“পাকিস্তান রক্ষার নামে নিরস্ত্র বেসামরিক বাঙালি নিধনের জন্য এই সমস্ত আধা-সামরিক বাহিনী (সহযোগী বাহিনী) গঠনে জামায়াতে ইসলামী ও অন্যান্য পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।”
রায়ে জামায়াতকে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতাকারী অন্যান্য সহযোগী বাহিনীর কাতারেই ফেলা হয়।
একাত্তরে পাকিস্তানি সেনা কমান্ডার রাও ফরমান আলীর সঙ্গে বৈঠকে গোলাম আযম।
এই আলোচনা শেষ করা হয় নিউ ইয়র্ক টাইমসের (জানুয়ারি ৩, ১৯৭২) একটি উদ্ধৃতি দিয়ে।
“আলবদর বাহিনীকে গত মার্চে পাকিস্তানি ক্র্যাকডাউনের পর সুচিন্তিতভাবে সংগঠিত জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত বাস্তবায়নকারী বাহিনী মনে করা হয়।”
রায়ে বলা হয়, “স্বাধিকার অর্জনের লক্ষ্যে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতের সঙ্গে সংশ্লিষ্ট সাধারণ জ্ঞানের বিষয়গুলো থেকে এটা একরকম যুক্তিযুক্ত যে, (জামায়াতে ইসলামী)-এর স্থানীয় দালাল বাহিনী ও এর ছাত্র সংগঠন (ইসলামী ছাত্র সংঘ), মুসলিম লীগ এবং অন্যান্য পাকিস্তানপন্থী দলগুলো যথা পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, নেজাম-ই-ইসলামী ইত্যাদি ও অন্যান্য সহযোগী বাহিনীর সহায়তায় সরকারের পরিকল্পনা ও নীতি বাস্তবায়নের জন্য পাকিস্তানি সামরিক বাহিনীকে সরকারি ও বেসরকারি সম্পদ ব্যবহার করতে হয়েছিল।”
ট্রাইব্যুনাল বলে, ওই ধরনের পরিকল্পনা ও নীতির লক্ষ্যবস্তু ছিল নিরস্ত্র বেসামরিক বাঙালি জনগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়। এই ধরনের পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসজুড়ে ‘নিয়মিত কাজের অংশ হিসেবে’ তাদের ওপর বর্বরতা চালানো হয়।
