১৮ দলের বুধবারের ঘেরাও কর্মসূচি স্থগিত
আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত বুধবারের জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি পেশের কর্মসূচি স্থগিত করেছে ১৮ দলীয় জোট।
মঙ্গলবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ১৮ দলীয় জোটের এক মাসের ‘নিরব’ কর্মসূচি ঘোষণা করেন।
১৮ দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তবে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়তে ইসলামী বুধবার সারাদেশে হরতাল ডেকেছে। আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলার রায় প্রত্যাখ্যান করে এই কর্মসূচি দিয়েছে দলটি।
মঙ্গলবার জামায়াতের হরতালের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দুপুরে এক বিবৃতিতে বলেন, ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে তা ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সরকার নির্দেশিত’।
“এ রায় প্রত্যাখ্যান করার পাশাপাশি সরকারের ষড়যন্ত্র, চক্রান্ত ও বিচারের নামে অবিচারের প্রতিবাদে আমাদের ঘোষিত গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবারও সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হবে।”
‘আন্দোলনের মাধ্যমে’ আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের সব শীর্ষ নেতাকে মুক্ত করে আনা হবে বলেও উল্লেখ করা হয় এই জামায়াত নেতার বিবৃতিতে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
