শাবিতে শিবিরের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে সঙ্গে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন।
গৌসুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় জামায়াত-শিবির কর্মী সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সিলেট সুনামগঞ্জ মহাসড়কে হরতালের সমর্থনে জামায়াত শিবির কর্মীরা মিছিল বের করে। মিছিল শেষে হরতাল সমর্থকরা ২০ থেকে ২৫ টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে হরতাল সমর্থকরা পুলিশের উপর হামলা করে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৬০ রাউন্ড টিয়ারসেল ও ৫০টি রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানিয়েছে ওসি গৌসুল।
ঘটনাস্থল গ্রেপ্তার হয়েছে মাছুম আহমেদ (৩২), মাওলানা মো. নুসাহেদ আলী (৩৫), হাফেজ মাওলানা শিহাব উদ্দিন (৪৮), আবু ইসতিয়াক মোহম্মদ (২২), আনোয়ার হোসেন টিপু (৩৩), আব্দুল আজিজ (৩৭), গিয়াস উদ্দিন (১৫), তাজুল ইসলাম (৬৫) ও অর্ণব (২১)।
আটককৃত আব্দুল আজিজের মা সাজেদা বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, পুলিশ তার ছেলেকে কোনো কারণ ছাড়াই আটক করেছে।
তিনি জানান, তার ছেলে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অফিস পিয়ন। সে অফিসের কাজের বাইরে বিশ্ববিদ্যালয়ের গেটে একটি টেইলার্সের দোকানে কাজে গিয়েছিল।
