প্রিন্স-প্রিন্সেসকে এক করতে আপসের পরামর্শ
সংসার বিবেচনায় ব্লু-গোল্ড ম্যাকাও দম্পত্তির মালিকদের আপস করার পরামর্শ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক বাদী ও বিবাদীর উদ্দেশ্যে এ কথা বলেন।
বিচারক বলেন, আপনারা নিজেরা বসে সমাধান করুন। পাখি দুটির বাচ্চা রয়েছে। তারা একসঙ্গে দীর্ঘদিন সংসারও করেছে। প্রিন্সেস ম্যাকাও গুরুতর অসুস্থ।
“ওদের তথা ভেবে আপনারা একসঙ্গে বসুন। তা না হলে এর কোনো সমাধান হবে না। আমি চাই, ম্যাকাও দম্পত্তি একসঙ্গে থাকুক। অন্যরাও এটাই চায়।”
গত ১ জানুয়ারি আদালত এক আদেশে প্রিন্স ম্যাকাওকে তার মূল মালিক ইকরাম সেলিমের জিম্মায় দেয়ার নির্দেশ দেয়।
পরে কলাবাগান থানা পুলিশ পাখিটি ড. ওয়াদুদের মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার করে ইকরাম হোসেন সেলিমের জিম্মায় দিয়ে দেয়। এর তিন দিন বাদে ৬ জানুয়ারি ড. ওয়াদুদ প্রিন্সকে নিজের জিম্মায় নেয়ার আবেদন করেন।
১০ জানুয়ারি ওই আবেদনের শুনানি শেষে আদালত বলে, পাখির বিষয়ে কোনো আদেশ দেয়ার এখতিয়ার তাদের নেই। ওই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পুনরায় আবেদন করেন প্রিন্সের পোষক ড. ওয়াদুদ।
মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল।
দুই পক্ষের শুনানি শেষে বিচারক মো. জহুরুল হক বলেন, এটাও বুঝেছি, প্রিন্সের মালিক ইকরাম সেলিম আর প্রিন্সেসের মালিক ড. ওয়াদুদ। পাখি দম্পত্তির যেহেতু বাচ্চা আছে, প্রিন্সেস ম্যকাও অসুস্থ। মানবিক কারণে দুই পক্ষকেই বসতে হবে।
উভয়পক্ষকে বসার আহ্বান জানিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ শুনানির দিন রাখে আদালত। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবীকে দুই পক্ষকে নিয়ে বসতে নির্দেশ দেন বিচারক।
নির্বাহী হাকিম আইনের কিছু না বুঝেই পাখি উদ্ধারের বিষয়ে দায়সারা আদেশ দিয়েছে বলেও মন্তব্য করেন বিচারক জহুরুল হক।
পরে প্রিন্সেস ম্যাকাওয়ের মালিক ড. ওয়াদুদের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, “আমরা বসতে রাজি আছি। ওরা কী বসবে? যদি না বসে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না।”
অন্যদিকে প্রিন্স ম্যাকাওয়ের মালিকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে জানান, প্রিন্স ম্যাকাওয়ের মালিক হলেন ইকরাম সেলিম। তার পাখি সে নিয়ে গেছে। এমনকি তার সঙ্গী খোঁজার জন্য একটি প্রিন্সেসকে আনার চেষ্টাও করা হচ্ছে।
প্রিন্সের অপর আইনজীবী আবদুল্লাহ আল মনসুর রিপন বলেন, আবেগ দিয়ে আদালত চলে না। আইন অন্ধ। আইনে যা আছে তাই হওয়া উচিৎ।
২০০৮ সাল থেকে একসঙ্গে ছিল পাখি দম্পত্তি প্রিন্স-প্রিন্সেস। তাদের দুটি বাচ্চা রয়েছে। প্রিন্স ম্যাকাওয়ের বয়স ১৫ বছর। সিঙ্গাপুর প্রবাসী ইকরাম হোসেন সেলিম ১৯৯৭ সালে ব্লু-গোল্ড ম্যাকাও পাখিটি সিঙ্গাপুরের গুড উইল ট্রেডার্সের কাছ থেকে কিনে আনেন।
ওই সময় সেলিম ইস্কাটনে ভাড়া বাসায় থাকতেন। সেখানেই ম্যাকাও গোল্ড প্রিন্স পাখিটি একাকি ১১ বছর কাটায়। পরে সেলিম পাখিপ্রেমী ড. ওয়াদুদের কাছে ২০০৮ সালে নিঃশর্তে প্রিন্সকে দান করেন। সেই থেকে ওয়াদুদ পাখির বংশ বিস্তারের কথাভেবে প্রিন্সের সঙ্গী প্রিন্সেসকে খুঁজে আনেন।
২০১২ সালে পাখিটির মালিকানা নিয়ে দুই পক্ষে শুরু হয় বিরোধ। ওই বছরের ১২ অগাস্ট ও ৫ সেপ্টেম্বর তারা একে অপরের বিরুদ্ধে জিডি করেন। পরে তারা আদালতে যান।
ম্যাকাও পাখি সাধারণত ৫০ থেকে ৬০ বছর আয়ু পেয়ে থাকে। এরা মানুষের ভাষা বোঝে।
