২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স-প্রিন্সেসকে এক করতে ফের উদ্যোগ

নির্বাহী আদালত রায় দিতে অপারগতা প্রকাশ করলেও ব্লু গোল্ড ম্যাকাও দম্পতি প্রিন্স ও প্রিন্সেসকে এক করতে এবার উদ্যোগী হয়েছে আরেক আদালত।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 04:48 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

আগামী ৫ ফেব্রুয়ারি জজ আদালত দুই পক্ষকে ফের ডেকেছে।

নির্বাহী হাকিমের আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে ড. ওয়াদুদের (পাখির পোষক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।

আর আপোষের ব্যবস্থা করার দায়িত্ব পেয়েছেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লা আবু।

গত ১ জানুয়ারি মূল মালিক ইকরাম সেলিমের আবেদনে আদালত প্রিন্স ম্যাকাওকে তার কাছে ফেরত দেয়ার নির্দেশ দেয়। পরে কলাবাগান থানা পুলিশ পাখিটি ড. ওয়াদুদের মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার করে ইকরাম সেলিমের জিম্মায় দিয়ে দেয়। এর তিন দিন পর ৬ জানুয়ারি পোষক ড. ওয়াদুদ প্রিন্সকে নিজের জিম্মায় নেয়ার আবেদন করেন।

অবশ্য এ বিফল হন তিনি। ১০ জানুয়ারি আদালত এ বিষয়ে রায় দিতে অস্বীকৃতি জানিয়ে বলে, প্রাণীর বিষয়ে কোনো রায় দেয়ার এখতিয়ার তাদের নেই।

পরে ড. ওয়াদুদ দায়রা জজ আদালতে নালিশ করেন।  

মঙ্গলবার বিষয়টি সুরাহায় ৫ ফেব্রুয়ারি দু’পক্ষকে আদালতে উপস্থিত হওয়ার আদেশ আসে।

এ ব্যাপারে পিপি আবদুল্লা আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ম্যাকাউ প্রিন্সের প্রকৃত মালিক ইকরাম সেলিম ও পাখির পোষক ড. ওয়াদুদকে একসঙ্গে বসানোর জন্য আদালত থেকে বলা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। তাদের উপস্থিতিতেই এ বিষয়ে শুনানি হবে।

এদিকে আদালতের নির্দেশে ম্যাকাউ পাখি দম্পতি আলাদা হয়ে যাওয়ার সমালোচনা করে আদালতে লিখিত বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কাজী সাইফুদ্দিন।

সাইফুদ্দিন তার লেখায়  উল্লেখ করেছেন, “পাখির মন আর মানুষের মন একই রকম । একজন মনোবিজ্ঞানী হিসেবে আমার মনে হয়েছে, পাখি দম্পতি আলাদা হয়ে যাওয়ায় প্রিন্স এবং প্রিন্সেস উভয়ই মানসিক কষ্টে আছে।”

পাখির পোষক ড. ওয়াদুদের নিজস্ব চিড়িয়াখানা রয়েছে। ওই চিড়িয়াখানার নাম প্লাটিনাম। সেখানে ৮৭টি দেশের ৫শ’ প্রজাতির পাখি রয়েছে।

প্রিন্স ম্যাকাউকে প্লাটিনাম চিড়িয়াখানা থেকে নিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোকছেদ আলী হাওলাদারও।

তার লিখিত বক্তব্যও মামলায় নথিজাত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ড. ওয়াদুদের (পাখির পোষক) প্লাটিনাম চিড়িয়াখানা ব্যবহার করে থাকে। ম্যাকাউ প্রিন্সকে নিয়ে এসে জোড়া লাগান ড. ওয়াদুদ। এই দম্পতির মিলন ঘটিয়ে বাচ্চা ফোটানোর ব্যাপারটি অসাধারণ। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পাখি দুটির একসঙ্গে থাকা জরুরি।”

প্রিন্সকে নিয়ে যাওয়ার পর প্রিন্সেস ম্যাকাউ তার খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে। তার দুটি বাচ্চা আছে। প্রিন্সেস দুটি ডিম আছে। যা থেকে বাচ্চা হবে। প্রিন্সকে নিয়ে যাওয়ার পর প্রিন্সেস আর ডিমে তা দিচ্ছে না।

প্রিন্স-প্রিন্সেসের সংসার

২০০৮ সাল থেকে এক সঙ্গে ছিল পাখি দম্পত্তি প্রিন্স-প্রিন্সেস। তাদের দুটি বাচ্চা রয়েছে। প্রিন্স ম্যাকাওয়ের বয়স ১৫ বছর। সিঙ্গাপুর প্রবাসী ইকরাম হোসেন সেলিম ১৯৯৭ সালে ব্লু-গোল্ড ম্যাকাউ পাখিটি সিঙ্গাপুরের গুড উইল ট্রেডার্সের কাছ থেকে কিনে আনেন।

ওই সময় সেলিম ইস্কাটনে ভাড়া বাসায় থাকতেন। সেখানেই ম্যাকাও গোল্ড প্রিন্স পাখিটি একাকী ১১ বছর কাটায়। পরে সেলিম পাখিপ্রেমী ড. ওয়াদুদের কাছে ২০০৮ সালে নিঃশর্তে প্রিন্সকে দান করেন। সেই থেকে ওয়াদুদ পাখির বংশ বিস্তারের কথাভেবে প্রিন্সের সঙ্গী প্রিন্সেসকে খুঁজে আনেন।

২০১২ সালে পাখিটির মালিকানা নিয়ে দুই পক্ষে শুরু হয় বিরোধ। ওই বছরের ১২ অগাস্ট ও ৫ সেপ্টেম্বর তারা একে অপরের বিরুদ্ধে জিডি করেন। পরে তারা আদালতে যান।

ম্যাকাও পাখি সাধারণত ৫০ থেকে ৬০ বছর আয়ু পেয়ে থাকে। এরা মানুষের ভাষা বোঝে।

পুরনো খবর:

সংসার ভাঙল প্রিন্স-প্রিন্সেসের