২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: আবাসন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরিবেশ ছাড়পত্র ছাড়া বহুতল ভবনের নির্মাণকাজ শুরু ও পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের একটি আবাসন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে এক শুনানি শেষে ‘রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে’ এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম এ জরিমানা করেন বলে বিকালে পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরো বলা হয়, নগরীর চট্টেশ্বরী রোড এলাকায় ওই হাউজিং কোম্পানি পরিবেশ ছাড়পত্র না নিয়ে ‘আলিফ মীম’ নামে ১৪ তলা ভবনের পাইলিংয়ের কাজ শুরু করে।

এজন্য মাটি ওই এলাকার পাশের একটি খালে ফেলে জলাবদ্ধতার সৃষ্টি করা হয়।

এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ওই এলাকার পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ  করা হয়।

জরিমানার পাশাপাশি এই আবাসন প্রতিষ্ঠানকে শুক্রবারের মধ্যে খাল থেকে মাটি পরিস্কার করে সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়।