‘নির্যাতন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’
‘গুম-হত্যা-নির্যাতন-কারাবন্দি’ করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের বাইরে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। বিরোধী দলের হাজার হাজার নেতা-কমীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। নির্যাতন চালানো হচ্ছে।
“জনগণের ভোটের অধিকার রক্ষার এই সংগ্রামকে এসব করে দাবিয়ে রাখা যাবে না। এই সংগ্রাম রাজনৈতিক মুক্তির সংগ্রাম। এই সংগ্রাম চলছে, তা চলবেই।’’
এর আগে বিকাল ৪টা ৫৫ মিনিটে অবরোধে ভাংচুরের ছয় মামলায় ৫৪ দিন কারাগারে কাটানোর পর কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্তি পান বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব।
গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতেই আসামি করা হয়েছে ফখরুলকে।
এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। এরপর আরো চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এর মধ্যে দুটি মামলায় নিম্ন আদালত থেকে এবং চারটি মামলায় হাই কোর্ট থেকে জামিন পান তিনি।
সর্বশেষ সোমবার কলাবাগান থানার একটি মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বতীকালীন জামিন পান ফখরুল। মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে ওই জামিননামা দাখিলের পর নথি পাঠানো হয় কাশিমপুর কারাগারে।
ফখরুল কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে এলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি ফজলুল হক মিলন, জেলা সাধারণ সম্পাদক কাজী সাইদুর আলম বাবুলসহ নেতাকর্মীরা ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান।
কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি উত্তরার বাসার উদ্দেশ্যে রওনা হন।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের মধ্যে হাবিব উন নবী খান সোহেল, সাইফুল আলম নিবর, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, সাইফুল আলম নিরব, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
