২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির রায় দাবিতে চট্টগ্রামে সমাবেশ

আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে এই জামায়াত নেতার ফাঁসির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 12:42 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

মঙ্গলবার দুপুরে দেয়া রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে  ‘সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ’ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন  করা হয়।

প্রায় আড়াইশ তরুণের এই কর্মসূচিতে কয়েকটি নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।

সমাবেশে বক্তব্যে সংগঠনের আহ্বায়ক শরীফ চৌহান কাদের মোল্লার যাবজ্জীবন দণ্ডাদেশে হতাশা প্রকাশ করে তার ফাঁসির দাবি জানান।

“যে একাত্তরে স্বীকৃত যুদ্ধাপরাধী এবং প্রত্যক্ষভাবে খুন, ধর্ষণ এবং গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন, তার বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান খুবই দুঃখজনক।”

সমাবেশে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, “ঘোষিত রায়ে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, এতে আমরা হতাশ এবং ক্ষুব্ধ।”

সমাবেশে নারীনেত্রী নুরজাহান খান, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা নাসির উদ্দিন নাসু, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রবিউল হোসেন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ সাহা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুনীল ধর বক্তব্য রাখেন।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর, ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলন, অনলাইন এক্টিভিস্ট ফোরাম, প্রজন্ম একাত্তর, মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।