২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ব্যবসায়ীকে হত্যা, লাশ মেলেনি

এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক কাঠ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার গভীর রাতে উপজেলার মেরুং ইউনিয়নের উত্তর গবছড়ি এলাকার বিমল চন্দ্র কারবারী পাড়ায় এ ঘটনা ঘটে।

অমর বিকাশ চাকমা (৩৫) ওরফে কালাইয়া এলাকার বিমল চন্দ্র কার্বারীর ছেলে।

অমরকে হত্যার পর সন্ত্রাসীরা তার লাশ বাড়ি থেকে বের করে জঙ্গলের দিকে নিয়ে যায়। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ও র‌্যাব গিয়েও লাশ উদ্ধার করতে পারেনি বলে জানান দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন টিটো।

তিনি জানান, সোমবার রাত আড়াইটায় সন্ত্রাসীরা গ্রামে ঢুকে এলাকায় আতঙ্ক তৈরি করে। পরে অমরের বাড়ি গিয়ে তাকে কুপিয়ে ও জবাই করে হত্যার পর লাশ নিয়ে যায়।

গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানান ওসি।

নিহতের মা ননাবী চাকমা সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা তার ছেলেকে ঘর থেকে বের করে কুপিয়ে হত্যা করে এবং লাশ নিয়ে জঙ্গলে চলে যায়। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে কোনো তথ্য না তারা হুমকি দেয়।

এদিকে জনসংহতি সমিতির (সন্তু লারমা) কেন্দ্রীয় কমিটির সহ তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব চাকমা জানান, অমর জনসংহতি সমিতির সংস্কারপন্থী হিসাবে পরিচিত জেএসএস-এমএন লারমার সমর্থক হিসাবে পরিচিত ছিল। তাদের আভ্যন্তরিন কোন্দলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।