২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিবির-পুলিশ ব্যাপক সংঘর্ষ

ইসলামী ছাত্র শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে সিলেট নগরীর বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 04:11 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে শিবিরকর্মীরা নগরীর বন্দরবাজারে অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে।

বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় অর্ধশতাধিক শটগানের গুলি, কাঁদানে গ্যাস ও ‘সাউন্ড গ্রেনেড’ নিক্ষেপ করে।

বন্দরবাজারের পর শিবিরকর্মীরা নয়াবাজার গিয়ে ব্যাপক ভাংচুর চালায়। পরে সেখান থেকে যায় কুমারপাড়ায়।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মামলায় রায়ের জন্য মঙ্গলবার দিন রাখার কয়েক ঘণ্টার মধ্যে হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টায় নগরীর কুমারপাড়া, শাহী ঈদগাহ, নাইওরপুল, সোবহানীঘাট এলাকায় হকিস্টিক, লাটিসোটা নিয়ে ঝটিকা মিছিল করে ব্যাপক ভাংচুর চালিয়েছে শিবিরকর্মীরা। এ সময় ১০-১৫টি রিকশা ও সিএনজি অটোরিকশা ভাংচুর করে।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শিবিরকর্মীরা পুলিশকেও ধাওয়া করে। প্রায় আধাঘণ্টা ভাংচুর চালিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত স্থান ত্যাগ করে শিবিরকর্মীরা।

দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টায় দক্ষিণ সুরমার লাউয়াইয়ে জামায়াত-শিবির কর্মীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।

ওসি জানান, জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

ভোরে নগরীর লামাবাজার, মেডিকেল সড়ক, কুমারপাড়া ও মিরাবাজারে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা।

এসময় তারা টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে এবং আতঙ্ক ছড়ানোর জন্য বিভিন্ন স্থানে প্রায় ৫০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

সকাল সাড়ে ৬টায় নগরীর মেডিকেল সড়ক এলাকায় একটি পিকআপ ও একটি সিএনজি আটোরিকশা ভাংচুর করে শিবিরকর্মীরা। এছাড়া দক্ষিণ সুরমার ভাবনা মোড়ে একটি সিএনজি অটোরিকশা ও বালুচর এলাকায় কয়েকটি যানবাহন ভাংচুরের খবর পাওয়া গেছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সূচি অনুযায়ী সিলেট থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে সব ট্রেন ছেড়ে গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পুরো পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।