২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলা: মুফতি হান্নানের আবেদন খারিজ

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার সাক্ষ্যের বৈধতা নিয়ে আসামি পক্ষের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাস ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ মামলার আসামি মুফতি হান্নানের পক্ষে দাখিল করা আবেদন খারিজ করে দেন। 

বিচারক একইসঙ্গে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ মুলতবি করে আগামী ১৩ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

রোববার ঢাকার সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের দুটি মামলায় সাক্ষ্য দেন।

এ ট্রাইব্যুনালের বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “এক মামলার ১৬৪ ধারায় জবানবন্দি একই ঘটনার অন্য মামলায় ব্যবহার করলে মহাভারত অশুদ্ধ হয় না।”

বিচারক তার জবানবন্দিতে বলেন, ‘২০১১ সালের ৭ এপ্রিল মুফতি হান্নানের ৬ পৃষ্ঠার স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করি। ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত সব নিয়ম মেনেই আমি হান্নানের জবানবন্দি গ্রহণ করি।’

মুফতি হান্নানের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম আদালতকে বলেন, ‘মুফতি হান্নান এই বিচারকের কাছে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জবানবন্দি দিয়েছিলেন। হত্যা মামলায় কোনও জবানবন্দি তিনি দেননি।’

 এ মামলার সাক্ষী বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার এই বক্তব্য প্রত্যাহারের জন্য আবেদন করেন হান্নানের আইনজীবী। আদালত তা নাকচ করে দেয়।

ব্যারিস্টার ফখরুল ইসলাম আরো জানান, আদালতের দেওয়া এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। সেজন্য এই সাক্ষীকে তারা আর জেরা করব না।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় দলীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন অনেকে।

ওই ঘটনার পর মতিঝিল থানায় একটি মামলা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় হত্যার ঘটনায় একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেয় সিআইডি।

২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। ওই আবেদনের  পরিপ্রেক্ষিতে আদালত তিন দফা শুনানি শেষে ২০১০ সালের ২১ অগাস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেয়।

হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় ২০১১ সালের ৩ জুলাই দু’টি সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।

এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ নতুন ৩০ জনকে আসামি করা হয়।