চট্টগ্রামে তৈরি পোশাক প্রদর্শনী ‘কাফেক্সপো’ বুধবার শুরু
চট্টগ্রামে বুধবার থেকে তৈরি পোশাক ও অ্যাক্সেসরিজের তিনদিনের প্রদর্শনী শুরু হচ্ছে।
ওইদিন সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে ‘চিটাগাং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড অ্যাক্সসেসরিজ এক্সপজিশন’ (কাফেক্সপো)-২০১৩ উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার দুপুরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামে ১১তম বারের মতো এ মেলার আয়োজন করেছে বিজিএমইএ। তিনদিনের এ প্রদর্শনী চলবে শুক্রবার পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে দেশি-বিদেশি ক্রেতা, সরবরাহকারী, মেশিনারি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবেন। এতে ক্রেতারা এদেশের তৈরি পোশাক, দেশীয় কাপড় এবং পণ্যের গুণগত মান, মূল্য ও স্টাইল সম্পর্কে ধারণা পাবেন।
লিখিত বক্তব্যে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, তৈরি পোশাক শিল্প তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। বিশ্বে পোশাক রপ্তানির ক্ষেত্রে একক দেশ হিসেবে বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে এবং পোশাক শিল্পের দেশ হিসেবে সুপরিচিত।
তিনি বলেন, বিশ্বে পোশাক শিল্পের বাজার চারশো বিলিয়ন ডলারের হলেও আমাদের অর্জন বিশ্ববাজারের ৫ শতাংশের কাছাকাছি।
তৈরি পোশাক শিল্পের জন্য নতুন করে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা এবং এর অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানান নাসির উদ্দিন।
এছাড়া পোশাক কারখানার মালিকদের ক্ষেত্রে ব্যাংক সুদের পরিমাণ একক ডিজিটে নামিয়ে আনার দাবিও জানান তিনি।
বুধবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এবারের কাফেক্সপোতে ৪৭টি স্টলে ২৪টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। কাফেক্সপোর মূল উদ্যোক্তা হিসেবে থাকছে এক্সিম ব্যাংক লিমিটেড।
এছাড়ার থাকছে ফোর এইচ গ্রুপ, এনসিসি ব্যাংক, রয়েল সিমেন্ট, সিটি হোম প্রপার্টিস, কিউটেক্স মার্চেন্ডাইজিং ও সাদ মুছা গ্রুপ।
বিজিএমইএ নেতারা বলেন, তাজরিন ফ্যাশনস ও স্মার্ট এক্সপোর্ট লিমিটেডডে সংগঠিত অগ্নিকাণ্ডে নিহত পোশাক শ্রমিকদের প্রতি শোক জানাতে মেলায় সংগঠনের ‘ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত হবে না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সাবেক প্রথম সহ-সভাপতি এসএম আবু তৈয়ব ও এরশাদ উল্লাহ, পরিচালক এ এম চৌধুরী সেলিম ও মাহতাব হাবিব সেলিম।
