২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিটি মেয়রের শপথ মঙ্গলবার

রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু  মঙ্গলবার শপথ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রংপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন শাপলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রকে শপথ পাঠ করাবেন। এরপর একই স্থানে কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।  

শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

গত বছরের ২০ ডিসেম্বর নবগঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচন হয়। নির্বাচনে জেলা আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য নাগরিক কমিটির প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু মেয়র নির্বাচিত হন।

এর আগে ঝন্টু ১৯৯৩-৯৯ মেয়াদে রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

নির্বাচিত ৪৪ জন কাউন্সিলরের মধ্যে ৩৩ জন সাধারণ এবং ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। গত ১০ জানুয়ারি নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশ করা হয়।