২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে অনুপস্থিতির জন্য চাকরি গেছে শতাধিক চিকিৎসকের

কর্মস্থলে উপস্থিত না থাকায় উপজেলা ও তার নিচের পর্যায়ে শতাধিক চিকিৎসককে চাকরিচ্যুত করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

পল্লী অঞ্চলে চিকিৎসকদের কর্মস্থলে থাকার নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে জোর দেয়া হচ্ছে।

এক্ষেত্রে অবহেলা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা স্বাস্থ্যমন্ত্রীও বলে আসছেন।

কর্মস্থলে না থাকায় কতজন চিকিৎসকের চাকরি গেছে- সোমবার সংসদ অধিবেশনে এই প্রশ্নের উত্তরে রুহুল হক বলেন, “সঠিক সংখ্যাটা আমি বলতে পারব না। তবে, তা একশ’র বেশি হবে। উপস্থিত না থাকায় এই ডাক্তারদের চাকরি চলে গেছে।”

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ৩০টির মতো সেল আছে। তারা আকস্মিক বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে।
উপজেলা ও তার নীচের পর্যায়ের চিকিৎসকদের ব্যক্তিগত ফোন নম্বর মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে রয়েছে বলেও জানান মন্ত্রী।

আরেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলো কোনো নিয়ম-নীতি মানছে না। এদের নিয়ন্ত্রণে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাক্ট করা হচ্ছে।

“আমরা আশা করি, খুব অল্প সময়ের মধ্যে এটা উপহার দিতে পারব।”