হরতালে ঠাকুরগাঁও রণক্ষেত্র, জয়পুরহাটে সংঘর্ষ
বিএনপির ডাকা হরতাল চলাকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সরকার সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে হরতালকারীদের। এতে তিন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
হরতালকারীরা শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ একে অপরকে দোষারোপ করছে।
এদিকে জয়পুরহাটে হরতাল চলাকালে বিএনপি দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে এক সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে বিএনপির একটি পক্ষ ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত এক নেতার দলীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল করছে বিএনপি।
হরতালের কারণে সকাল থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলছে স্বাভাবিকভাবে।
তবে বগুড়ায় আদালত চত্বরে হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল হলেও অন্য কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন-
ঠাকুরগাঁও
হরতালের বিপক্ষে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে শহরের চৌরাস্তায় আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হয়। একই সময় হরতাল সমর্থনকারী ছাত্রদল-যুবদলসহ বিএনপি নেতাকর্মীরাও চৌরাস্তায় জমায়েত হয়।
এ সময় হরতাল বিরোধীরা একটি ফেস্টুনন ছিঁড়ে আগুন দিলে হাতালকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলা সাড়ে ৩টার দিকে পরিস্থিতি শান্ত বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালবিরোধীরা বিএনপি মহাসচিব মির্জা আলমগীরের মুক্তির দাবিতে লেখা একটি বড় ফেস্টুন নামিয়ে এনে তা ছিঁড়ে ফেলে ও তাতে আগুন ধরিয়ে দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষই বৃষ্টির মতো ইট-পাটকেল ছুঁড়তে থাকে। লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়।
একপর্যায়ে হরতাল সমর্থনকারীরা সরকার সমর্থকদের ধাওয়া দিয়ে পুরো এলাকা দখলে নেয় ও আওয়ামী লীগ অফিসে ভাংচুর চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ সময় পুলিশের তিন সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। অনেকের মাথা ফেটে যায়।
পুলিশ সুপার ফয়সল আহমদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান দাবি করেন, বিএনপি শান্তিপূর্নভাবে হরতালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে পুলিশের সামনেই প্রকাশ্য হামলা চালায়। এতে করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল জানান, বিএনপি উষ্কানীমূলকভাবে তাদের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
জয়পুরহাট
সোমবার সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে জেলা বিএনপির একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে থাকে। একই সময় ‘সংস্কারপন্থী’ বলে পরিচিত বিএনপির শহর শাখার সাবেক সভাপতি ফয়সল আলিমের নেতৃত্বাধীন একটি পক্ষ জাতীয়তাবাদী কৃষক দলের ব্যানার নিয়ে হরতালের সমর্থনে আরো একটি মিছিল বের করে।
এ অবস্থায় উভয়পক্ষের নেতা-কর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
এ সময় উভয়পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এসএ টেলিভিশন ও দৈনিক কালেরকন্ঠের জয়পুরহাট প্রতিনিধি আলমগীর হোসেন চৌধুরী আহত হন। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। এছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি মোমেন মুনির ক্যামেরা ভেঙ্গে যায়।
জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধান বলেন, বিএনপি’র নাম ব্যাবহার করে ফয়সল আলীম বিএনপি’র হরতালকে বানচাল করতেই আওয়ামী লীগের সমর্থন পুষ্ট সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছেন। তার বাবা বিএনপি দলীয় সাবেক মন্ত্রী আব্দুল আলীম গত ত্বত্তাবধায়ক সরকারের আমলে ‘সংস্কারপন্থী’ ছিলেন।
ফয়সল আলীম তার নেতৃত্বাধীন দলীয় হামলার জন্য বিরোধীপক্ষকে দায়ী করে বলেন, বিএনপির সাথে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। এখানে ‘সংস্কারপন্থী’ বলে কিছু নেই।
সদর থানার ওসি খায়রুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা বা অভিযোগ দেয়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বগুড়া
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ সহিদ আলম জানান, হরতালের সকালে গোদারপাড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে হরতালকারীরা। তবে পরে পুলিশ তা সরিয়ে ফেলে।
সকালে আদালত চত্বরের গহর আলী বার ভবনের সামনে পর পর দুটি ককটেল ফাটানো হলে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিএনপি কর্মীরা সকাল থেকে বিভিন্ন মহল্লায় খণ্ড মিছিল বের করে। দিনের প্রথম ভাগে শহরে দোকানপাটও খুলতে দেখা যায়নি। অন্যান্য গাড়ি চলাচল বন্ধ থাকলেও শহরের কিছু রিকশা চলাচল করতে দেখা যায়।
এছাড়া আদমদিঘি উপজেলার শান্তাহারে সকাল ১১টায় হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান আদমদিঘি থানার ওসি তোজাম্মেল হক।
তিনি জানান, দু’পক্ষের সংঘর্ষ এড়াতে ৪ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। এসময় একদল দুস্কৃতিকারী ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুর করে।
রাজশাহী
রাজশাহী মহানগরীতে সকালে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এবং দলের বিশেষ সম্পাদক ও জেলা সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে হরতালের সমর্থনে আলাদাভাবে মিছিল করেন নেতাকর্মীরা।
মহানগর বিএনপি কার্যালয় এবং সোনাদিঘী মোড় থেকে মিছিল দুটি বের হয়।
রাজশাহী নগর পুলিশের সহকারী কমিশনার রোকনউদ্দিন জানান, হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোথাও বড় ধরনের কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
রাজশাহীর প্রধান সড়কগুলোতে সকালে ভারি যানবাহন চলতে দেখা যায়নি। ছেড়ে যায়নি দূরপাল্লার বাসও।
রংপুর
হরতালে রংপুর শহরেও কঠোর নিরাপত্তা নিয়েছে র্যাব ও পুলিশ। নগরীর গ্র্যাণ্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয় ভোর থেকে ঘিরে রেখেছে দাঙ্গা পুলিশ।
সকাল থেকে নগরীর কোথাও হরতাল সমর্থকদের মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। তবে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন ছিল কম। সকালে শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
রংপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক জানান, হরতালের মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নেতাকর্মীদের মাঠেই নামতে দিচ্ছে না পুলিশ। বিএনপি অফিসও ঘিরে রেখেছে। পরিস্থিতি বুঝে হরতালের সমর্থনে মিছিল করা হবে।”
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার বি এম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানমালের নিরাপত্তার স্বার্থে এবং নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সকাল থেকে জেলার কোথাও বড় ধরনের কোনো গোলোযোগ ঘটেনি বলে জানন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির হরতাল চলছে ঢিলেঢালাভাবে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের ওপর রাজারামপুর এলাকায় বিএনপিকর্মীরা মিছিল করে। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলেও পুলিশ পরে তা সরিয়ে ফেলে।
দুপুর পর্যন্ত কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
সকালে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নওগাঁ
হরতাল চলাকালে সকাল ১১টায় শহরের মুক্তির মোড় থেকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এছাড়া শহরের মুক্তির মোড়, তাজের মোড়, গোস্তহাটির মোড়সহ বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে।
এছাড়া হরতাল চলাকালে পিকেটাররা শহরের ব্রিজের ও দয়ালের মোড়ে ২টি মোটর সাইকেল ভাংচুর করে বলে জানান নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান।
তিনি জানান, এছাড়া জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল থেকেই শহরে বাস-ট্রাকসহ কোন ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দোকানপাট বন্ধ রয়েছে।
এদিকে বেলা ১২টায় শহরের ব্রিজের মোড়ে হরতালের সমর্থনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, কেন্দ্রীয় সদস্য নজমুল হক সনি, জেলার সহ-সভাপতি কেসি বদরুল আলম নয়ন, হাফিজুর রহমান মাস্টার, জেলার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলার সাবেক সভাপতি জালার আহমেদ বকুল, সাবেক সাংসদ রায়হান আকতার রনি, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
নীলফামারী
বিএনপির ডাকা হরতালে কোনো উত্তাপ নেই। সকাল থেকে শহরে কোনো যানবাহন চলাচল করেনি। তবে ছেড়ে গিয়েছে সকল আন্তঃনগর ও লোকাল ট্রেন।
শহরে অনেক দোকানপাট খোলা ছিল। অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম।
হরতালের সমর্থনে সকালে নীলফামারী সরকারি কলেজে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। পরে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা।
