২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাহিত শরীফুল, বাড়িতে শোকের মাতম

মুন্সীগঞ্জে বিদ্যুতের ট্রান্সফর্মার চোরের আঘাতে নিহত গোয়েন্দা পুলিশ কর্মকর্তা শরীফুলকে সিরাজগঞ্জে নিজ বাড়িতে সমাহিত করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

রোববার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শরীফুল ইসলাম খান (৩৫) নিহত হন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম শাখায় কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খানের ছেলে শরীফুল।

বেলকুচি থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজারবাগ পুলিশ লাইনে জানাযা শেষে গ্রামের বাড়িতে লাশ পৌঁছে সন্ধ্যা ৭টায়। সেখানে চন্দনগাঁতি গার্লস হাই স্কুল মাঠে আবার জানাযা হয়।

রাত ৯টায় তাকে দাফন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপিস্থত ছিলেন।

সকাল থেকেই শরীফুলের স্বজনদের মাতমে ভারী হয়ে ওঠে তার গ্রামের বাড়ি।

মৃত্যু সংবাদ পৌঁছার পর থেকে বারবার মুর্ছা যাচ্ছেন মা তাহমিনা বেগম। বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ খান।

শরীফুল ১৯৯৮ সনে পুলিশে যোগ দেন। ২০১০ সালে উপ-পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। স্ত্রী জেসমিন খাতুন এবং দুই মেয়ে সাফিন (৯) ও সাজিন (৫)।

শরীফুলের একমাত্র বোন চন্দনগাঁতি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রওশন আরা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীফুল ছিলেন অনেকগুলো বইয়ের লেখক।

২০১০ সালে তার লেখা সত্য ধ্রুব প্রতিভা, ফাল্গুনের বিকেল, ২০১১ সনে ছোটদের জন্য লেখা ভূতবন্ধু, ছন্দে ভরা মিষ্টি ছড়া নামের বইগুলো প্রকাশিত হয়েছে।

এ বছরও বই মেলাতে ‘আবার ফিরে যাবো মুক্তিযুদ্ধে’ নামের একটি বই প্রকাশিত হওয়ার কথা ছিল বলে তিনি জানান।

তিনি আরো বলেন, শরীফুল ইসলাম ফোকাস বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, শব্দশীল একাডেমী, বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্মাননা পুরস্কার ছাড়াও ২০১১ সনে স্টারগোল্ড পুরস্কার পেয়েছেন।

ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশ তাদের দুটি মাইক্রোবাস রাস্তায় রেখে ট্রান্সফর্মার চোরের ট্রাক আটকানোর চেষ্টা করে। কিন্তু চালক ট্রাক না থামিয়ে চালিয়ে যেতে থাকলে শরীফ ট্রাকের দড়জার হাতল ধরে ঝুলে পড়েন এবং চালককে ট্রাক থামাতে বলেন। কিন্তু চালক না থামিয়ে জোরে টান দেয়।

এক পর্যায়ে ট্রাকে থাকা এক ‘চোর’ শরীফের মাথায় আঘাত করলে তিনি নিচে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা শরীফুলকে মৃত ঘোষণা করেন।