২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে: মন্ত্রী

সরকারি তদন্তে ডেসটিনির মোট তিন হাজার সাতশ আটানব্বই কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ১৭৮ টাকার অনিয়ম ও সন্দেহভাজন লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

রোববার সংসদে সাধনা হালদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

মন্ত্রী জানান, ডেসটিনির অনিয়ম তদন্তে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত আন্তঃমন্ত্রণালয়ের কমিটি গত বছরের ১৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেয়। এতে নয়টি অনিয়মসহ ডেসটিনি গ্রুপের আর্থিক অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

অনিয়মগুলো হলো- ডেসটিনি পরিবারভুক্ত ২২ জন পরিচালক ও মালিক নিজেদের মধ্যে অধিকাংশ লেনদেন করেছেন। এছাড়াও তারা চড়া সুদে (১৬ শতাংশ) অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালতো। বিভিন্ন কোম্পানির শেয়াল হস্তান্তরেও অনিয়ম করেছে ডেসটিনি। ক্রমগত লোকসানি প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগের মাধ্যমে তহবিল তছরুপ করেছে।

মন্ত্রী জানান, একচেটিয়া পণ্যের বাজার সৃষ্টি করে ডেসটিনি চড়া মুনাফায় পণ্য সামগ্রী বিপণন করেছে। প্রকৃত মূল্যের চেয়ে কম দাম দেখিয়ে তারা অনেক কম দামে বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছে। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন না করেই গ্রাহকদের কাছ থেকে অনেক অর্থ সংগহ করেছে।

এছাড়া সমিতির সদস্যদের কাছ থেকে পাওয়া অর্থ খরচেও তারা অনিয়ম করেছে।

‍তদন্ত প্রতিবেদন অনুযায়ী ডেসটিনি-২০০০ লিমিটেডসহ এর সহযোগী কোম্পানিগুলো ৩৭৯৮,৯৪,৪৭,১৭৮ টাকার অনিয়ম সন্দেহভাজন/অস্বাভাবিক লেনদেনের প্রাথমিক সত্যতা পাওয়া যায় গেছে বলেন জানান মন্ত্রী।

এমএলএম কোম্পানির প্রতারণা বন্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই ধরনের প্রতারণা বন্ধে সরকার আইন করার উদ্যোগ নিয়েছে। আইনের খসড়া গত বছরের ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদে নীতিগতভাবে অনুমোদন হয়েছে। আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই হওয়ার পর তা সংসদে উত্থাপন করা হবে।

বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।