নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের ২০ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলমী ও ইসলামী ছাত্র শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শনিবার ছাত্রশিবিরের হামলায় আহত পুলিশ সদস্য
এর মধ্যে সদর থানা এলাকা থেকে ১২ জন, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থেকে ২ জন করে এবং বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার থানায় একজন করে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান।
তিনি বলেন, “শনিবার হামলার ঘটনার ভিডিও দেখে তাদের চিহ্নিত করা হয়েছে। ওই হামলায় জড়িত অন্যদেরও সনাক্ত করার চেষ্টা চলছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্র শিবিরের একটি মিছিল থেকে পুলিশের ওপর ওই হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে শিবির কর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করলে শিবির কর্মীরা পাল্টা ঢিল ছোড়া শুরু করে। দুই পক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ২৫ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
