২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর হামলার ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার ২০

নারায়ণগঞ্জ শহরে পুলিশের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতিসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 05:58 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

Image
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শনিবার ছাত্রশিবিরের হামলায় আহত পুলিশ সদস্য

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শনিবার ছাত্রশিবিরের হামলায় আহত পুলিশ সদস্য

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে জানান, এস আই আতিয়ার হোসেন শনিবার গভীর রাতে মামলা দুটি করেন।

এ দুটি মামলায় জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি মামলায় পুলিশের ওপর হামলা, চার পুলিশকে রাস্তায় ফেলে পিটুনি, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

অপর মামলাটি করা হয়েছে দ্রুত বিচার আইনে। চাষাঢ়ায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও জনস্বার্থে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

দুই মামলাতেই নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সাঈদ, মহানগর কমিটির সভাপতি নাছিরউল্লাহ ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয়েছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্র শিবিরের একটি মিছিল থেকে পুলিশের ওপর ওই হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে শিবির কর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করলে শিবির কর্মীরা পাল্টা ঢিল ছোড়া শুরু করে। দুই পক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ২৫ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

পুলিশ শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।

এর মধ্যে সদর থানা এলাকা থেকে ১২ জন, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থেকে ২ জন করে এবং বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার থানায় একজন করে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান।

“আটককৃতদের পুলিশের দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলাভুক্ত আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।”

পুলিশ সুপার বলেন, শনিবারের হামলার ঘটনার ভিডিও দেখে ওই ২০ জনকে চিহ্নিত করা হয়। হামলায় জড়িত অন্যদেরও সনাক্ত করার চেষ্টা চলছে।