টিপাইমুখ বাঁধ নিয়ে আরো তথ্য চায় ঢাকা
ভারতের মণিপুর রাজ্যে বরাক নদীর টিপাইমুখে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে আরো তথ্য চেয়েছে বাংলাদেশ।
ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের দুই দিনব্যাপী বৈঠক শেষ হয় শনিবার।
কমিশনের দ্বিতীয় ওই বৈঠকে টিপাইমুখ প্রকল্প সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই দিনব্যাপী বৈঠকে প্রস্তাবিত প্রকল্পের কারিগরি দিক তুলে ধরা হয়েছে।
‘এর আগে হস্তান্তর করা প্রকল্পের বিস্তারিত প্রতিবেদন (ডিপিআর) এবং এর পরিবেশগত প্রভাবের সমীক্ষা (ইআইএ) যাচাই শেষে বাংলাদেশের পক্ষ থেকে আরো কিছু তথ্য জানতে চাওয়া হয়। ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের ওই চাহিদাগুলো আমলে নিয়েছে।’
বাংলাদেশ এর আগে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) নামে একটি প্রতিষ্ঠানকে ওই প্রকল্পের ফলে লবণাক্ততা, জীববৈচিত্র, পানিপ্রবাহসহ সম্ভাব্য অন্যান্য ক্ষয়-ক্ষতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে নিয়োগ করেছিল।
এছাড়া টিপাইমুখ বাঁধের ফলে সেচ, কৃষি, মৎস, পানিপ্রবাহ, জীবনযাত্রা ও পরিবেশের উপর বিরূপ প্রভাব নিয়ে কাজ করছে সেন্টার ফর এনভাইরনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস(সিইজিআইএস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডব্লিউএম এবং সিইজিআইএস বৈঠকে প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে কিছু পরামর্শও দিয়েছে।
ভারত ২০১১ সালে দেশটির মণিপুর রাজ্যের বরাক নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুত উৎপাদনের উদ্যোগ নেয়।
মণিপুর সরকার গত বছর ২২ অক্টোবর সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এনএইচপিসি লিমিটেড ও সাতলুজ জলবিদ্যুত নিগম লিমিটেড’র সঙ্গে ১৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম টিপাইমুখ হাইড্রেলিক পাওয়ার প্রজেক্ট নির্মাণে চুক্তি করে।
এর আগে বিবিসি তার এক প্রতিবেদনে বলেছিল, মণিপুর সরকার বরাক নদীতে বিতর্কিত টিপাইমুখ ড্যাম নির্মাণ করতে যাচ্ছে, যা বাংলাদেশে সুরমা নদী হিসেবে প্রবাহিত।
এর ফলে ওই বাঁধ বিষয়ে খতিয়ে দেখতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। জবাবে ভারত জানায় ওই বাঁধ বাংলাদেশে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ৫৭টি অভিন্ন নদী রয়েছে যার ৫৪টিই এসেছে ভারতের ওপর দিয়ে।
এগুলোর মধ্যে ভারতের সঙ্গে শুধু গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছে। গত বছর তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে শেষ মুহূর্তে তা আটকে যায়।
