এইচআরডব্লিউ’র প্রতিবেদন প্রত্যাখ্যান মিজানুরের
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “আমি এই রিপোর্ট ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দু:খটা আরো এইচআরডব্লিউ’র ওই রিপোর্টে দলিত সম্প্রদায় নিয়ে একটা কথা নাই। যে সম্প্রদায়ের মানুষ একটি খুপড়ির ভিতরে ২১জন বাস করে। তাহলে বুঝতে পারি, আপনাদের রাজনীতিটা মানবাধিকারের জন্য নয়। অন্য গন্ধ সেখানে দেখি।”
অধ্যাপক মিজানুর এ প্রসঙ্গে উল্লেখ করেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির কথা বলা হয়েছে। এর কারণ হিসাবে তারা বলছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের শাস্তি হয়েছে বা হতে যাচ্ছে, তাদের বিচার নাকি আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে হচ্ছে না। তারা এটাকে একটি প্রশ্নবিদ্ধ বিচার বলেছে।
তিনি বলেন, “পৃথিবীর কোথাও এত দয়া, এত শৈথল্য আর এত বদান্যতা দেখিয়ে কারো বিচার করা হয়েছে বলে আইনের ছাত্র হিসাবে আমার জানা নেই।”
আইন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে ‘প্রান্তিক জনগোষ্ঠী হিসাবে দলিতদের নাগরিক অধিকার বাস্তবায়নে আইনি সুরক্ষা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
শুক্রবার প্রকাশিত এইচআরডব্লিউর বার্ষিক প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, “সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাজের সুযোগ সীমিত করায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনাকে বিচারের আওতায় না আনায়, হত্যা ও গুমের ঘটনার তদন্ত না হওয়ায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলের (এনজিও) ওপর নজরদারি বাড়ানোর ফলে ২০১২ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে।”
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও কার্যপ্রণালীতেও ‘ত্রুটি’ রয়েছে বলেও মনে করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থা।
এ বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, টুইন টাওয়ার হামলার পর আসামীদের যুক্তরাষ্ট্রের মাটিতে বিচার করা হয়নি। কারণ, এতে তারা যুক্তরাষ্ট্রের মাটিতে আসামীদের যেসব অধিকার দেয়া হয়েছে, সেগুলো পেয়ে যাবে। এজন্য আসামীদের নিয়ে যাওয়া হয় গুয়ান্তানামো বে-তে। সেখানে তাদের কোন অধিকার ছিল না। বাংলাদেশতো এটা করেনি।
“তারা বলেছে, এ বিচার প্রশ্নবিদ্ধ। কারণ, একটি অভ্যন্তরীণ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। তাহলে কি আপনারা চেয়েছেন এখানে বিদেশি বিচারক আসুক। যুক্তরাষ্ট্র থেকে, ফ্রান্স থেকে বিচারক আসুক। তাহলে এই ছিল আপনাদের মনে?”
আইন কমিশননের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সেমিনারে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
