এ মাসেই পদ্মা সেতু নির্মাণের প্যাকেজ ঘোষণা: কাদের
এ মাসেই প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ কাজের প্যাকেজ ঘোষণা করবেন বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় শনিবার এক অনুষ্ঠানে তিনি তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৮ ফেব্রুয়ারি জাজিরা পয়েন্টে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগের নদী শাসন কাজের উদ্বোধন করবেন।
সেদিনই প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ কাজের প্যাকেজ ঘোষণা করবেন, বলেন তিনি।
বিশ্বব্যাঙ্কের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার কারণে পুরোনো নকশা বাদ দিয়ে নতুন নকশায় সেতু নির্মাণ করা হবে বলে তিনি জানান।
বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় বাসস্ট্যান্ডে একটি ফুট ওভার ব্রিজের ভিত্তিফলক উম্মোচন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি এই ফেব্রুয়ারির মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এ কারণে বিশ্বব্যাঙ্কের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হবে না বলে জানান তিনি।
এ সময় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রী সেখানে কালিহাতি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন।
এখানে তিনি বলেন, এডিবি’র অর্থায়নে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ আগামী অক্টোবরেই শুরু হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, কালিহাতি পৌরসভার মেয়র আনছার আলী বিকম, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী প্রমুখ।
