২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কষ্ট লাগে, আমারেই অ্যাসিড মারা হইল’

অ্যাসিডে ঝলসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মাগুরার ওষুধ ব্যবসায়ী আকরাম শিকদার(৪৫)। তার চোখ, মুখের ডান দিক, হাত ও পায়ে অ্যাসিড আক্রান্তের চিহ্ন।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 07:20 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

আকরামের বাড়ি শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে। বুধবার রাত ৮টার দিকে শ্রীপুর-নাকোল সড়কের ঘাসিয়াপাড়ায় তাকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলেও সেই রাতেই তাকে ঢাকা আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার বার্ন ইউনিটের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন আকরাম।সে অবস্থায় বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন তিনি।

বাম চোখ সামান্য খুলে হঠাৎ ডুকরে কেঁদে উঠে কথা শুরু করেন। তিনি শ্রীপুর থানার নাকোল ইউনিয়নের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কেউ বিপদে পড়লে তার পাশে ছুটে যেতেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেটাই তার জন্য কাল হয়েছে বলে জানান আকরাম। বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরেই তাকে অ্যাসিড ছোড়া হয়েছে।

নাকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শাজাহানের সমর্থকরা অ্যাসিড ছুড়েছে অভিযোগ করে তিনি বলেন, চেয়ারম্যানের অনুসারী মনির হোসেন রোমান, সুজন মির্জা, সবুজ মিয়া ও মাহমুদ মিয়াকে তিনি চিনতে পেরেছেন।

আকরাম জানান, মঙ্গলবার রাতে একই গ্রামের বাসিন্দা ও তার সমর্থক পারভেজ শেখের স্ত্রী নার্গিস সুলতানাকে একটি মোবাইল থেকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়। পরদিন ওই দম্পতিকে নিয়ে শ্রীপুর থানায় জিডি করেন। টেম্পোতে ফিরে আসার পথে তার ওপর এ হামলা হয়।

১৫ বছরের বেশি ওষুধের ব্যবসা করছেন জানিয়ে তিনি বলেন, যত রাতই হোক এলাকার কারো ওষুধ লাগলে নিজে গিয়ে পৌঁছে দিতেন।  

“ভাবতে কষ্ট লাগে, সেই আমারে অ্যাসিড মারা হইল।”

আকরামের বড় ভাই আবদুল জলিল শিকদার বলেন, এ ঘটনায় তার ভাই যাদের চিনতে পেরেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা বার্ন ইউনিটে দায়িত্বরত চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আক্রান্তকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তার মুখের ডান অংশ, হাত ও পা ঝলসে গেছে।”