২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অচেতন করে মালামাল লুট

রাজধানীর গুলশানে একটি ভবন নির্মাণ তদারকি ও নিরাপত্তা দায়িত্বে থাকা সাত কর্মীকে অচেতন করে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার বেলা ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয় বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, গুলশান-২ এ আজাদ মসজিদের কাছে নাভানা রিয়েল এস্টেটের ভবন নির্মাণস্থলে ওই সাত জন বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে চেতনা হারিয়ে ফেলেন।

এরা হলেন- মো. আনোয়ার হোসেন (২২), মো. শাহাদাত (২৫), শরিফুল ইসলাম (২৩), হাবিবুর রহমান (২৪), জাহাঙ্গীর আলম (২৮), জহিরুল ইসলাম (২৬) ও আবুদল আলীম (২৪)।

এদের মধ্যে চার জন নাভানা গ্রুপের কর্মচারী এবং তিন জন নিরাপত্তাকর্মী।

অচেতন করার পর রাতে তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা এবং নির্মাণ যন্ত্রাংশ নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার জন্য তাদের এক সহকর্মীকে সন্দেহ করছে পুলিশ।

এসআই বাচ্চু মিয়া বলেন, ওই সাত জন রাতে ভাত ও বিরিয়ানী খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। সকালে অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

রাতের ওই খবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নাভানা গ্রুপের কর্মচারী ইমাম হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, তিন দিন আগে আবদুল কাদের নামে এক নিরাপত্তাকর্মী তাদের সঙ্গে কাজে যোগ দেয়। সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

কাদেরই এই সাত জনকে কিছু খাইয়ে অচেতন করে তাদের টাকা-পয়সা ও একটি মেশিন নিয়ে গেছে বলে তাদের ধারণা।