২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপায় আরেক শিশুর মৃত্যু

নিপা ভাইরাস সংক্রমণে আরেক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 12:22 PM

Updated : 26 Jul 2022, 03:00 PM

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম মোশতাক হোসেন জানান, ফটিকছড়িতে নতুন করে নিপা ভাইরাস সংক্রমণে ১১ মাস বয়সী এই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি শীত মওসুমে নিপা সংক্রমণে মোট নয়জনের মৃত্যু হলো।

মোশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, “আমারা পরীক্ষা করে নিশ্চিত হয়েছি, নিপা ভাইরাসই শিশুটির মৃত্যুর কারণ।”

ফটিকছড়ির বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গত বুধবার শিশুটির মৃত্যু হয়।

চলতি মওসুমে এ পর্যন্ত মোট ১২ জনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে পাবনা, রাজশাহী, রাজবাড়ী, ঝিনাইদহ, নওগাঁ, নাটোর, গাইবান্ধা ও ঢাকায় আট জনের মৃত্যু হয়েছে আগেই।

চট্টগ্রাম অঞ্চলে এর আগে বাদুড়ের মধ্যে নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও মানুষের দেহে সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি।

নাটোরে শিশুকে অসুস্থ রেখে এক মায়ের মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে মোশতাক বলেন, “আমরা জানি না কীভাবে তিনি এই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। এটা খতিয়ে দেখতে সেখানে বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে। তবে আগে আমরা আট মাসের একটি সংক্রমিত শিশুকে পেয়েছিলাম যাকে, চামচ দিয়ে খেজুরের রস খাওয়ানো হয়।”

সাধারণত শীতকালে বাদুরের মাধ্যমে খেঁজুরের রস থেকে মানুষে নিপা ভাইরাস সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও এ ভাইরাসের সংক্রমণ হতে পারে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ড. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমে প্রচারণা শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যুরোকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

যেসব জেলায় এ ভাইরাসের সংক্রমণ আছে সেখানকার স্বাস্থ্যকেন্দ্রগুলো নিপা ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে- জ্বর, প্রলাপ বকা এবং সংজ্ঞা হারানো।

এ ভাইরাসে সংক্রমিতদের মধ্যে শতকরা ৮০ ভাগেরই মৃত্যু হতে পারে, যেখানে কাঁচা খেঁজুর রস পান থেকে বিরত থাকলে এটা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব।

ভাইরাস সংক্রমণের প্রায় আটদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায় বলে জানিয়েছেন আইইডিসিআর-এর পরিচালক।

মালয়শিয়ায় ১৯৯৮ সালে প্রথম এই ভাইরাসটির সংক্রমণের কথা জানা যায়। তবে বর্তমানে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

অজ্ঞাত রোগ হিসেবে ২০০১ সালে দেশে প্রথম এই ভাইরাসের সংক্রমণ নজরে আসে। তিন বছর পরে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে পরীক্ষার মাধ্যমে একে নিপা ভাইরাস বলে সনাক্ত করা হয়।

তখন থেকে এ পর্যন্ত দেশের ২১টি জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত ১৭৬ জনের মধ্যে ১৩৬ জনই প্রাণ হারিয়েছেন।

মেহেরপুর, নওগাঁ, রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়া, এবং ঠাকুরগাঁসহ উত্তর ও মধ্যাঞ্চলের এলাকায় নিপা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি।

আইসিডিডিআরবি বলছে, বাদুরের খাওয়া ফল রসের হাঁড়িতে পড়ে গিয়ে কিংবা রস পান করার সময় বাদুরের লালায় থাকা ভাইরাস রসে মিশে যায়। এছাড়াও, রসের পাত্রে বাদুর মলমূত্র ত্যাগ করলে তার মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে।

নিপা ভাইরাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। তাই সংগৃহীত রস জ্বাল দিয়ে পান করা হলে সংক্রমণের ঝুঁকি থাকে না।

বাংলাদেশে সংক্রমণের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, এটি অত্যন্ত সংক্রামক এবং খুব কম সংস্পর্শের কারণেও এটি এক ব্যক্তি থেকে আরেকজনে ছড়াতে পারে।

রোগীর সেবা যত্নের সময় সতর্ক না থাকায় সংক্রমণ ছড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিলে এবং আলাদা আলাদা খাবার গ্রহণ করলে এর সংক্রমণ ঠেকানো যায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।