সাভারে সুবীর হত্যা: আরেকজন গ্রেপ্তার
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুবীর দাশ হত্যার ঘটনায় তার আরেক সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে রাজধানীর বংশাল এলাকা থেকে ফরহাদ হোসেন সিজুকে (২১) গ্রেপ্তার করা হয়।
সিজু মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোনাপাড়ার দাদন মিয়ার ছেলে। তিনিও ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
এ নিয়ে এ হত্যায় জড়িত অভিযোগে সুবীরের পাঁচ সহপাঠীকে গ্রেপ্তার করা হল।
এর আগে গ্রেপ্তাররা হলেন ওই বিশ্ববিদ্যালয়ের মহায়মিনুল আহমেদ ফয়সাল ওরফে সেতু (২২), ইউসুফ আলী (২১), তাদের এক সহপাঠিনী (২১) ও তার স্বামী শফিক আহম্মেদ রবিন (২৫)।
নিখোঁজ হওয়ার ৯দিন পর গত ২১ জানুয়ারি পুলিশ সাভারের ভাকুর্তার সলমাসী এলাকায় তুরাগ নদী থেকে বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র সুবীর কুমার দাসের (২২) লাশ উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী ফরহাদ হোসেন সিজুকে গ্রেপ্তার করে তাকেও ওই মামলায় আসামি করা হয়েছে।
