নারায়ণগঞ্জে সুতা ব্যবসায়ীর খুনীদের গ্রেপ্তার দাবি
নারায়ণগঞ্জের সুতা ব্যবসায়ী প্রাণগোবিন্দ সাহার খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকালে শহরের টানবাজার এলাকায় মানববন্ধন করে এলাকার সুতা ও রং ব্যবসায়ীরা এ দাবি জানান।
মানববন্ধন শেষে ব্যবসায়ীদের নিরাপত্তার নিশ্চিত করার দাবিতে একটি বিক্ষোভ মিছিলসহ সদর মডেল থানার ওসির কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম সোলায়মান, নারায়ণগঞ্জ ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি।
গত ২৬ জানুয়ারি শহরের টানবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন প্রাণগোবিন্দ সাহা। তিন দিন পর শহরের চারার গোপ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মানবন্ধনে বক্তারা বলেন, পুলিশ এখনো হত্যাকারীদের চিহ্নিত ও খুনীদের গ্রেপ্তার করতে পারেনি। ফলে নিহতের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এসময় রং, সুতা ও ডাইস কেমিক্যালের পাইকারি ব্যবসাকেন্দ্র টানবাজারের সব ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
