চট্টগ্রামে যানবাহনে আগুন দেয়ার চেষ্টা জামায়াতের
যানবাহনে আগুন ও সড়কে টায়ার পুড়িয়ে হরতালের আগের দিন নগরীর বিভিন্ন স্থানে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা।
বুধবার সন্ধ্যায় নগরীর ইপিজেড মোড়ের অদূরে ব্যারিষ্টার কলেজের সামনে একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে শিবির কর্মীরা।
এছাড়া নগরীর প্রবর্তক মোড়, আগ্রাবাদ বাদামতলীর মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সটকে পড়ে শিবির কর্মীরা। এছাড়া নগরীর জামালখানসহ কয়েকটি স্থানে বিকালে ঝটিকা মিছিল বের করে জামায়াত।
নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর জোন) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যারিষ্টার কলেজের সামনে একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে কিছু যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ সংলগ্ন প্রবর্তক মোড়ে সন্ধ্যায় টায়ারে আগুন দেয়ার সময় এক শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ।
এছাড়া নগরীর কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি।
রাত পৌনে ৯টার দিকে চকবাজার এলাকার তেল পট্টি রাস্তার সামনে টায়ারে আগুন ও পটকার বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, তেল পট্টি এলাকা থেকে কিছু যুবক এসে একটি টায়ারে আগুন দেয় এবং কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ এগিয়ে গেলে তারা পালিয়ে যায় ।
