২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলা: এবার সড়কে কোনো দোকান থাকছে না

এবার একুশের বইমেলা বাংলা একাডেমী চত্বরেই সীমাবদ্ধ  রাখা হচ্ছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 11:34 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

একাডেমী সংলগ্ন সড়কে কোনো স্টলই থাকছে না বলে জানিয়েছেন বাংলা একাডেমীর উপপরিচালক (সমন্বয় ও গণযোগাযোগ) মুর্শিদ উদ্দীন আহমেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “সড়কে অন্য কোনো সামগ্রীর স্টলও থাকবে না।”

আগে সড়কে অনুমতি না নিয়েই দোকান বসত। তবে কয়েক বছর ধরে প্রকাশনা সংস্থার বাইরে অন্যদের সড়কের পাশে স্টল বরাদ্দ দিয়ে আসছিল বাংলা একাডেমী।

মুর্শিদ উদ্দীন বলেন, এবারের মেলা শুধু প্রকাশকদের নিয়ে আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, এই বছর বইমেলায় মোট ২৩৬টি  প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।এর বাইরে ২০টি সরকারি প্রতিষ্ঠান এবং আটটি সেবামূলক প্রতিষ্ঠানেরও স্টল থাকবে।

স্টল পাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি সংবাদ মাধ্যমও।

বরাবরের মত এবারো লিটল ম্যাগ চত্বর থাকছে। আর মূল মঞ্চে প্রতিদিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে বলে জানান একাডেমীর এই উপপরিচালক।

শুধু প্রকাশকদের জন্য স্টল বরাদ্দে আয়োজক প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো।

সময় প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বাংলা একাডেমীর এই উদ্যোগে বইমেলা আরো জমজমাট  হবে বলে মনে করছি।

“আর এই মেলা শুধু প্রকাশকদের জন্যই হওয়া উচিত বলেই মনে করি।”

সড়কে কোনো স্টল না থাকায় বিশেষ দিনগুলোতে মেলায় অতিরিক্ত জনসমাগম হলেও দর্শনার্থীরা মেলার বাইরে ঘোরাফেরার সুযোগ পাবে বলে মনে করেন এই প্রকাশক।

আগামী ১ ফেব্রুয়ারি বিকাল ৩টায়  বাংলা একাডেমী চত্বরে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাডেমী প্রাঙ্গণে এখন চলছে স্টল সাজানোর কাজ।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে আর এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে।

মেলা উপলক্ষে বাংলা একাডেমী ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যে একাডেমীর প্রবেশপথে র‌্যাবের একটি দল অস্থায়ী ক্যাম্প বসিয়েছে।

মুর্শিদ উদ্দীন বলেন,  ঢাকা মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব মেলার নিরাপত্তার দায়িত্বে থাকছে।

মেলা উপলক্ষে একাডেমী চত্বরে প্রবেশের আগেই টিএসসি মোড় থেকে দোয়েল চত্বর পর্যন্ত বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। মেলার বিভিন্ন স্থানে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা।

এছাড়া আনবিক শক্তি কমিশন এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সামনে দিয়ে প্রবেশপথ তৈরি করা হবে।