হরতাল সারাদেশে সারাদিন, ঢাকা-চট্টগ্রামে আধাবেলা
সারাদেশে সকাল-সন্ধ্যা হলেও ঢাকা ও চট্টগ্রামে জামায়াতে ইসলামীর বৃহস্পতিবারের হরতাল হবে আধাবেলা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক নেতাদের মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশের অনুমতি ‘না পাওয়ার’ পর বুধবার দুপুরে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত।
সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে হরতালের সময় কমিয়ে আধাবেলা করা হয়েছে।
ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভা এবং চট্টগ্রামে বিপিএল খেলার জন্য হরতালের সময় কমিয়েছে জামায়াত।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাদের পূর্ব নির্ধারিত বার্ষিক ভোজসভা নির্বিঘ্নে পালনের জন্য হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের আহ্বানে সাড়া দিয়ে জামায়াত নেতারা ঢাকায় হরতাল আধাবেলা করার সিদ্ধান্ত তাদের জানিয়েছেন।
ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী শফিকুল ইসলাম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা ও চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল হবে। সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল থাকবে।
এদিকে জামায়াতের এই হরতালে সমর্থন দিয়েছে ১৮দলীয় জোটের পাঁচটি দল। এগুলো হচ্ছে- জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি, বাংলাদেশ ন্যাপ।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্য দলের নেতারা এই তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতে ইসলামীর বর্তমান ও সাবেক আমিরসহ বিরোধী দলের নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জামায়াতের পক্ষ থেকে বুধবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
সে অনুযায়ী ঢাকায় বায়তুল মোকাররমের উত্তর দিকের সড়কে সমাবেশ করার জন্য মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করে দলটি।
“কিন্তু সরকার অনুমতি না দিয়ে যারা আবেদন করেছিল তাদের উল্টো গ্রেপ্তার করেছে,” বলেন রফিকুল ইসলাম।
হরতালের ঘোষণা দিয়ে তিনি এক বিবৃতিতে বলেন, “সরকারের এহেন অন্যায় ও অগণতান্ত্রিক আচরণের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
একাত্তরে খুন, ধর্ষণ লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই ধরনের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামীসহ শীর্ষ আট নেতা ও বিএনপির দুই নেতারও বিচার চলছে ট্রাইব্যুনালে। এর মধ্যে দুটি মামলা শুনানি শেষে রায়ের পর্যায়ে রয়েছে।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী শুরু থেকেই এই বিচারের বিরোধিতা করে এলেও গত কিছুদিন ধরে দলটির নেতাকর্মীরা সারা দেশে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরসহ বিভিন্নভাবে সহিংসতায় জড়াচ্ছে।
এ কারণে সরকারের শরিক দলগুলোসহ বিভিন্ন মহল থেকে জামায়াতে ইসলামীর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের জোরালো দাবি এসেছে। এ দাবিতে হরতালও করেছে সিপিবি, বাসদসহ কয়েকটি বাম দল।
এসব ঘটনায় ত্রিশ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হন। ভাংচুর করা হয় শতাধিক যানবাহন।
এসব ঘটনায় সারাদেশে পুলিশের দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শতাধিক নেতাকর্মী।
এদিকে জামায়াতের কর্মসূচির ঘোষণা থাকায় বুধবার সকাল থেকেই বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ ও র্যাব। সমাবেশ করার অনুমতি দেয়া না হলেও বিশৃঙ্খলা ঠেকাতে সাঁজোয়া যান ও জলকামানসহ বিপুলে সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়।
সকালে বায়তুল মোকাররম সংলগ্ন সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিকের তুলনায় কম ছিল।
মহানগর পুলিশের উপ কমিশনার মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশের অনুমতি চেয়ে যার নামে আবেদন করা হয়েছিল, আমরা তাকেই খুঁজে পাইনি। প্যাডে যে ঠিকানা ও ফোন নম্বর দেয়া রয়েছে, সেখানেও কাউকে পাওযা যায়নি।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ধরনের আবেদনের ক্ষেত্রে তারা আবেদনকারীর সঙ্গে কথা বলে
নিরাপত্তাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখে অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু জামায়াতের আবেদনকারীকেই যেহেতু পাওয়া যায়নি, সেহেতু তাদের কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব হয়নি।
সোমবারের ‘তাণ্ডবের’ পর থেকে জনগণের নিরাপত্তায় রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
