সিলেট ও রাজশাহীতে হরতাল ডেকেছে জামায়াত
কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি না দেয়ায় রাজশাহী বিভাগের আট ও সিলেট বিভাগের চার জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য আতাউর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বুধবার সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু প্রশাসন অনুমতি না দিয়ে বিভিন্ন স্থানে সভা-সমাবেশস্থলে নিষেধাজ্ঞা জারি করেছে।”
এই পরিপ্রেক্ষিতে রাজশাহী বিভাগের আট জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা জেলায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে বলে জামায়াত নেতা আতাউর রহমান জানান।
এদিকে রাজশাহী মহানগরীতে বুধবার সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ।
মহানগর পুলিশের কমিশনার এস এম মনিরুজ্জামান জানান, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিষয়টি মাইকিং করে নগরীতে জানিয়ে দেয়া হয়েছে।
এর আগে সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বুধবার সিলেটের কোর্ট পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করবেন তারা।
সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, কোর্ট পয়েন্টে কর্মসূচি পালনের অনুমতি না দেয়ার বিষয়টি মঙ্গলবার রাতেই সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় হামলা ও ভাংচুর চালায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
এসব ঘটনায় সারাদেশে পুলিশের দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শতাধিক নেতাকর্মী।
