২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ছাত্রলীগের হরতালে মিছিল-ভাংচুর

বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা শহরে হরতাল করছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 06:42 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের বাপন হত্যার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে আধাবেলার এ হরতাল শুরু হয়।

হরতালের সকালে ছাত্রলীগ নেতাকর্মীদের শহরের বিভিন্ন সড়কে মিছিল করতে দেখা যায়। প্রায় প্রতিটি মোড়ে টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে তারা।

হরতালের সমর্থনে শহরে সকাল থেকে কয়েক দফা বিক্ষোভ মিছিল হয়। এ সময় শহরের বেতকা গোডাউন বাজারে কয়েকটি দোকানে ভাংচুরও করে হরতাল সমর্থকরা।

হরতালে টাঙ্গাইল পৌর এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে শহর ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস।

তবে বঙ্গবন্ধু সেতু হয়ে দূরপাল্লার যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি নাজমুল হুদা নবীন দাবি করেন, শহরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। ছাত্রলীগ নেতাকর্মীরা কোথাও উচ্ছৃঙ্খল আচরণ করেনি।

টাঙ্গাইল সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, হরতালে সকাল থেকে কোথাও বড় ধরনের গোলোযোগের খবর পাওয়া যায়নি।

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে হত্যার প্রতিবাদে গত ২০ জানুয়ারি আধাবেলা হরতাল পালনের সময় শহরের বেতকা এলাকায় হরতাল সমর্থক ও হরতালবিরোধীদের সংঘর্ষে ছাত্রলীগ নেতা বাপন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই রাতেই সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। ১০ দিন চিকিৎসার পর মঙ্গলবার বিকেলে বাপন মারা যায়। সেদিনই এই হরতালের ঘোষণা দেয় ছাত্রলীগ।