‘সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ নেয়া হবে’
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফরে আসা বিএসএফ মহাপরিচালক সুভাষ যোশী সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন।
মঙ্গলবার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা জানান।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সকাল সাড়ে ১০টায় বিএসএফ মহাপরিচালক পিলখানায় এসে পৌঁছুলে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
সাক্ষাতকালে উভয় মহাপরিচালক বিজিবি-বিএসএফ এর মধ্যে অব্যাহত সম্প্রীতি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। এসময় তাদের মধ্যে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়।
এ প্রসঙ্গে বিএসএফ মহাপরিচালক বলেন, “সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনাগুলি অত্যন্ত দু:খজনক, যা শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং তা বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এছাড়া সীমান্ত নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের এই সফরে ঢাকা-নয়া দিল্লি বহিঃসমর্পণ এবং সংশোধিত ভ্রমণ চুক্তি সই হয়।
