‘ভর্তি নীতিমালা বাস্তবায়নে নির্দেশ কেন নয়’
বেসরকারি স্কুল ও কলেজ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১২ বাস্তবায়নে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ এই রুল জারি করে।
শিক্ষা সচিব, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিলেট জেলা শিক্ষা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয় এসব প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ফি নির্ধারণ করে নীতিমালা করে। এই নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও মো. আশরাফুল আলম গত রোববার রিট আবেদনটি করেন।
আদালতে রিটকারীদের পক্ষে অ্যাডভোকেট নাঈম আহমেদ। তাকে সহায়তা দেন অ্যাডভোকেট অবন্তী নূরুল ও সামিউল আলম সরকার।
আদেশে আদালত সিলেটের পাঠানটুলির স্কলারস হোম-এর প্রথম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থী আনিকা আলমকে ভর্তি করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
পরে আইনজীবী অবন্তী নূরুল বলেন, সিলেটের ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনিক আলম সফলভাবে প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়। তবে কর্তৃপক্ষ লিখিত কারণ ছাড়া তাকে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করা থেকে বিরত থাকে।
নীতিমালা অনুযায়ী, ঢাকা শহরের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজার টাকা নেয়ার কথা। কিন্তু দেখা যায় স্কালরস হোম সাত হাজারের বেশি টাকা নিচ্ছে। এ কারণে ওই নীতিমালা বাস্তায়নের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
