স্ত্রীর মামলায় স্কুলশিক্ষক কারাগারে
নারী নির্যাতনের মামলায় খুলনা মিলিটারি স্কুল অ্যান্ড কলেজের (এমসিএসকে) এক শিক্ষকসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাছানুজ্জামান জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হলেন মুস্তাহিদুল মাহমুদ, তারা বাবা মোল্লা মহিউদ্দিন, বোন ফতেমা আসমা, আত্মীয় ইউসুফ হায়দার ও হায়দারের স্ত্রী রশিদা হায়দার।
গত ৭ নভেম্বর মুস্তাহিদুলের স্ত্রী কামরুন্নাহার নগরীর দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
বাদীর আইনজীবী আশরাফুল ইসলাম বাচ্চু জানান, স্বামী মুস্তাহিদুল ও তার আত্মীয়-স্বজনরা যৌতুকের দাবিতে কামরুন্নাহারকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গত বছরের ৩০ অক্টোবর রাতে মারধর করে তাকে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।
মঙ্গলবার খুলনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে তা নাকচ হয়।
এ বিষয়ে খুলনা মিলিটারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল শেখ মাসুদ আহমেদ জানান, শিক্ষক মুস্তাহিদুল মাহমুদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
