সুপ্রিম কোর্ট কর্মচারীদের প্রহারে আহত সাংবাদিক-পুলিশ
সুপ্রিম কোর্টের কর্মচারীদের প্রহারে আহত হয়েছেন তিন সাংবাদিক এবং সাংবাদিকদের রক্ষায় এগিয়ে আসা এক পুলিশ সদস্য।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এতে বেসরকারি টিভি স্টেশন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রিজওয়ান কাদের কচি, এসএ টিভির নিজস্ব প্রতিবেদক আসাদ রিয়েল ও ক্যামেরাপার্সন মিজান, দৈনিক আমার দেশের নিজস্ব প্রতিবেদক আলমগীর হোসেন আহত হন।
তাদের মধ্যে রিজওয়ান কাদের কচি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
ঘটনার বিবরণে রিজওয়ান কাদের কচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ১০টায় অফিসের (চ্যানেল আই) গাড়িতে করে আমরা ট্রাইব্যুনালে যাচ্ছিলাম। পথে আমাদের গাড়িটি সুপ্রিম কোর্টের একজন বিচারপতির গাড়ির পেছনে পেছনে চলছিলো। সুপ্রিম কোর্টের প্রধান ফটকের বিপরীত দিকে পৌঁছার পর ড্রাইভারের অসাবধানতাবশত আমাদের গাড়িটি বিচারপতিদের গাড়ির পথে প্রবেশের উপক্রম হয়।”
তিনি জানান, এ সময় নিরাপত্তা রক্ষীরা চিৎকার দিয়ে তাড়াতাড়ি গাড়িটি সরাতে বলে। কিন্তু সরানোর সময় গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। সরাতে দেরি দেখে ওই নিরাপত্তারক্ষী তার হাতে থাকা লাঠি দিয়ে চ্যানেল আইয়ের গাড়ির গ্লাসে আঘাত করতে শুরু করে। এর প্রতিবাদ করলে ওই কর্মচারী তাদের উপরও চড়াও হন বলে তিনি অভিযোগ করেন।
“তারা লাঠিসোটা দিয়ে আমাদেরকে মারধর করে। একজন রামদা নিয়ে এগিয়ে আসে। এরই মধ্যে পুলিশ সদস্যরা আমাদেরকে রক্ষায় এগিয়ে আসার পর তারাও হামলার শিকার হন। একজন পুলিশ সদস্য আহত হন।”
এ ঘটনার প্রতিবাদে ল’ রিপোর্টার্স ফোরাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অবস্থান ধর্মঘট পালন করে। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদি ঘটনার সুষ্ঠু ও সম্মানজনক সমাধানের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করেন সাংবাদিকরা।
পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলামের কক্ষে সুপ্রিম কোর্টের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি সালেহ উদ্দিন ও সম্পাদক মাশহুদুল হকসহ অন্যান্য নেতাদের বৈঠক হয়।
বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ ‘লাঠি’ ও ‘রামদা’ নিয়ে হামলার ঘটনাকে একটি ফৌজাদারি অপরাধ হিসাবে গণ্য করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ একইসঙ্গে সুপ্রিম কোর্টে সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করারও দাবি জানান।
রেজিস্ট্রার প্রধান বিচারপতির পক্ষ থেকে এ অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বসেছিলাম। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল (বুধবার) দুপুর ১২ টায় সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে একটি সভা হবে।”
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
পরে আইনজীবী সমিতির সম্পাদক বলেন, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। দায়ীদের সতর্ক করা হবে বলেও জানান প্রধান বিচারপতি।
এ ঘটনার প্রতিবাদে ল রিপোর্টার্স ফোরামের ডাকা তাৎক্ষণিকভাবে অবস্থান কর্মসূচিতে ফোরামের সভাপতি সালেহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মাশহুদুল হক, ফারুক কাজী, স্বপন দাসগুপ্ত, ক্রাবের সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকন্দ, বদিউজ্জামান, ওয়াকিল আহমেদ হিরণ সাজেদুল হক প্রমুখ।
এ দিকে এ ঘটনার প্রতিবাদে পৃথক বিবৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ল রিপোর্টার্স ফোরাম।
